উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে লাগাতার নগদ টাকা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। এবার মধ্যপ্রদেশ থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হলো প্রায় ৪৪ লক্ষ টাকা (Howrah Railway Station Money Seized)। টাকার উৎস বা বৈধতার পক্ষে কোনো সঠিক নথি দেখাতে না পারায় ওই যাত্রীকে আটক করে রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং পরবর্তীতে তাকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শিপ্রা এক্সপ্রেস এসে পৌঁছানোর পর প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা আরপিএফের গোয়েন্দা আধিকারিকদের নজর পড়ে মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা রোহিত সিং নামে এক যাত্রীর ওপর। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। আর তাতেই বেরিয়ে আসে স্তূপীকৃত নগদ ৪৪ লক্ষ টাকা।
এত বিপুল পরিমাণ টাকা নিয়ে ভ্রমণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র বা উৎস দেখাতে পারেননি রোহিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতা থেকে সোনা কেনার উদ্দেশ্যে ওই টাকা নিয়ে আসছিলেন তিনি। কিন্তু কথার সপক্ষে কোনো প্রমাণ না মেলায় টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়।
ঘটনার পরই দ্রুত আয়কর দপ্তরকে খবর দেওয়া হয়। আয়কর আধিকারিকেরা হাওড়া স্টেশনে পৌঁছে নগদ টাকা সহ ওই যাত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
উল্লেখ্য, হাওড়া স্টেশনে এ ধরনের ঘটনা নতুন নয়। গত সেপ্টেম্বরের শেষদিকে মহারাষ্ট্রের এক বাসিন্দার কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এমনকি কিছুদিন আগে বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকেও ২১ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করেছিল আরপিএফ। পরপর এমন ঘটনায় যাত্রীদের লাগেজ ও চলাফেরার ওপর নজরদারি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন নিরাপত্তা আধিকারিকেরা। উদ্ধার হওয়া এই টাকার সঙ্গে কোনো বেআইনি লেনদেন বা হাওয়ালা যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

