উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবটা আইওয়্যাশ’ যুবভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমারকে (Rajeev Kumar) শোকজ এবং ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের ইস্তফা প্রসঙ্গে এমনই শব্দবন্ধ ব্যবহার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)।
যুবভারতী কাণ্ডের জেরে মঙ্গলবার দুপুর থেকে তোলপাড় গোটা রাজ্য। একদিকে ডিজিপি রাজীব কুমারকে শোকজ পাশাপাশি ক্রীড়ামন্ত্রী পদ থেকে স্বেচ্ছায় অরূপ বিশ্বাসের পদত্যাগ করতে চাওয়া, সবটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতার গলায়। শুভেন্দু বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তাঁর ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন। মেসিকে নিয়েও কয়েকশো কোটি টাকার চুরি হয়েছে। আমরা অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তার চাই। যুবদের আবেগে আঘাত করেছেন। টাকাগুলো ফেরত দিন। দর্শকদের পিটিয়েছে পুলিশ, জেলে ঢোকান হয়েছে। তাঁদের জামিন দেওয়া হোক।’
ডিজিপি রাজীব কুমারকে শোকজ নিয়ে তাঁর বক্তব্য, ‘রাজীব কুমার এই রাজ্যের অলিখিত স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজিপি রাজীব কুমারকে শোকজ আইওয়্যাশ।’
এরই সঙ্গে রাজ্য পুলিশের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন, ‘যে পুলিশ রাজ্যের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে তাদের প্রতি কারুর ভরসা নেই। এছাড়াও রাজ্য সরকারের তরফে গঠিত ‘সিট’ কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেনা। বোকা শতদ্রু এই ইভেন্টটা অন্য জায়গায় করতে চেয়েছিলেন, কিন্তু অরূপ সহ তৃণমূলের একাধিক মন্ত্রী নিজেদের কৃতিত্ব ফলানোর জন্য একপ্রকার জোর করে যুবভারতীতে অনুষ্ঠানের আয়োজন করলেন। এই ঘটনার জন্য যদি কাউকে সবার আগে দায় স্বীকার করতে হয়, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
