উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবির স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। অবসরপ্রাপ্ত IPS আধিকারিক তথা বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং-এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে বলে জানা গিয়েছে। শনিবার সুকনার কাছে একটি হোটেলে পাহাড়ের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকেই পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বিশেষ কমিটি গঠনের বিষয়টি জানান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বক্তব্যেও একই বিষয় উঠে আসে।
সূত্রের খবর, পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বাধীন কমিটিতে রাজ্য সরকারের এক জন এবং গোর্খাদের এক জন প্রতিনিধি থাকবেন। কমিটি পাহাড়ের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে। সেই আলোচনার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে।
তবে সেই রিপোর্ট ঠিক কত দিনের মধ্যে জমা পড়বে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা জানা যায়নি। রিপোর্ট পাওয়ার পর তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে স্বরাষ্ট্র মন্ত্রক।
দার্জিলিং (Darjeeling) পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নতুন নয়। বিভিন্ন সময়ে এই দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে পাহাড়। আন্দোলন, বনধ এবং রাজনৈতিক অস্থিরতার সাক্ষী থেকেছে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। এবারের নির্বাচনের প্রচারেও বিজেপির তরফে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি বিশেষ গুরুত্ব পেয়েছিল। সেই প্রেক্ষাপটে অমিত শাহের সঙ্গে পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

