উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর (Vande Mataram) প্রথম দুটি স্তবকের পরিবর্তে পুরো গানটি গাওয়ার আইনি প্রস্তাব দিয়েছে বিজেপি (BJP)। কিন্তু এর তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। এনিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক তর্জা এখন তুঙ্গে। এদিকে, এই বিতর্ক নিয়ে মুখ খুলে নতুন করে আলোচনায় এসেছেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর তার জেরেই তাঁকে কড়া আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, “ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে যেখানে বহু মানুষ এক ও অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী, সেখানে ‘বন্দে কালী’ বা ‘বন্দে দুর্গা’-র মতো পংক্তি বিশিষ্ট পুরো গানটি সমস্ত ধর্মের মানুষের পক্ষে গ্রহণ করা কঠিন হতে পারে।” তিনি মনে করেন, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত গানের প্রথম দুটি স্তবকই সর্বজনীনভাবে গ্রহণযোগ্য।
শর্মিলার এই মন্তব্যের পরই সরব হয় বিজেপি নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘শর্মিলা ঠাকুর তাঁর ব্যক্তিগত মতামত দিতেই পারেন। তবে যে তৈমুর ভারতে আক্রমণ চালিয়ে মন্দির ধ্বংস করেছিল, সাধারণ মানুষকে হত্যা এবং বলপূর্বক ধর্মান্তরিত করেছিল—সেই একই নামে উনি নিজের নাতির (তৈমুর আলি খান) নাম রেখেছেন। তাই বন্দে মাতরম নিয়ে উনি যত কম কথা বলেন, ততই মঙ্গল।’
উল্লেখ্য, সইফ আলি খান ও করিনা কাপুরের বড় ছেলে তৈমুরের জন্মের পর থেকেই তার নামকরণ নিয়ে বহুবার বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে কারিনা পূর্বে ব্যাখ্যা দিয়েছিলেন, ‘তৈমুর’ শব্দের অর্থ লোহা এবং তিনি চেয়েছিলেন তাঁর সন্তান লৌহমানবের মতো শক্ত মানসিকতার হোক। দীর্ঘ বছর পর আবারও ‘বন্দে মাতরম’ বিতর্ককে কেন্দ্র করে শর্মিলাকে বিঁধতে সেই পুরনো নামবিতর্ককেই হাতিয়ার করল গেরুয়া শিবির।

