নয়াদিল্লি : কুম্ভ (Mahakumbh)বিপর্যয় নিয়ে আলোচনার জন্য সংসদের জিরো আওয়ার বাতিল করতে রাজি হলেন না স্পিকার ওম বিড়লা। আর তাতেই সংসদ থেকে ওয়াক আউট করে ক্ষুব্ধ বিরোধীরা। এদিন বিরোধীদের তরফে রুল ২৬৭ তে কুম্ভ নিয়ে আলোচনার জন্য সংসদের দুই কক্ষেই নোটিস দেওয়া হয়। কিন্তু রাজ্য সভাতে কোনও আলোচনার দাবি মানতে চাননি চেয়ারম্যান জগদীপ ধনকড়। ফলে রাজ্য সভা থেকে একযোগে ওয়াকআউট করেন বিরোধীরা।
অন্যদিকে লোকসভাতেও স্পিকারের কাছে একই দাবি জানানো হয়। কিন্তু স্পিকার জানান রাষ্ট্রপতি নিজেও তাঁর ভাষণে কুম্ভ নিয়ে বলেছেন। তাই বিরোধীরা চাইলে নিজের নিজের বক্তব্যের সময় এই বিষয়ে বলতেই পারেন। কিন্তু স্পিকারের বক্তব্যে সন্তুষ্ট হননি বিরোধীরা। ইন্ডিয়া জোটের সকল শরিকই একসঙ্গে সংসদ থেকে ওয়াক আউট করেন। তৃণমূলের রাজ্য সভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ‘কুম্ভে সরকার ৩০ জনের মৃত্যুর কথা বললেও বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি। আমরা সত্যটা জানতে চেয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার আলোচনায় রাজি হয়নি। তাই বিরোধীরা ওয়াকআউট করেছে।’
