Abhishek Banerjee | দীর্ঘ বিরতি ভেঙে রাজপথে অভিষেক, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে শনিবারেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Abhishek Banerjee | দীর্ঘ বিরতি ভেঙে রাজপথে অভিষেক, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে শনিবারেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের জেরে রাজনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আবারও সক্রিয় হচ্ছেন। শনিবার থেকে তিনি তাঁর ভোট-পরবর্তী প্রথম রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন। সূত্রের খবর, নির্বাচনের পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করাই এই সফরের মূল লক্ষ্য।

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে যাবেন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায়, যেখানে তিনি দেখা করবেন আক্রান্ত তৃণমূলকর্মী সঞ্জু কর্মকারের সঙ্গে। এরপর তিনি যাবেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে, সেখানে আক্রান্ত কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি। উল্লেখ্য, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রকাশ্যে অভিষেকের মাঠে নামা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ঘটনাক্রমে সেই বেলেঘাটাতেই প্রথম কর্মসূচিতে পা রাখছেন অভিষেক।

নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে অস্থিরতা চরমে। কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেনের মতো নেতারা সরাসরি দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের অভ্যন্তরীণ সমীকরণে ‘অভিষেক-ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অনেক নেতাই এখন ‘বেসুরো’। এছাড়া ফলতার পুনর্নির্বাচনে তৃণমূলের শোচনীয় ফল অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’-এর কার্যকারিতা নিয়েও দলের অন্দরেই প্রশ্ন তৈরি করেছে। এই কঠিন সময়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে অভিষেক কোনো বিশেষ বার্তা দেন কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

জেড-প্লাস নিরাপত্তা হারানোর পর সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা নিয়েই শনিবার প্রথমবার কালীঘাটের বাইরে পা রাখছেন অভিষেক। তাঁর এই সফর নিয়ে বিজেপি মুখপাত্র প্রণয় রায় কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, “আমরা কোনো হিংসায় মদত দিইনি। সাধারণ মানুষই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিষেকের এই সফরের জেরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে তাঁকেই নিতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *