Anubrata Mondal | মমতার হাত ছাড়ছেন ‘কেষ্ট’ও! বীরভূমের রাশ ধরে রাখতে এবার ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডল

Anubrata Mondal | মমতার হাত ছাড়ছেন ‘কেষ্ট’ও! বীরভূমের রাশ ধরে রাখতে এবার ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত ২ মাসে ক্রমশ নিঃস্ব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে রাখা নেতাদের মধ্যে প্রায় কেউই আজ তাঁর কাছে নেই। ভিড় করেছেন বিদ্রোহী শিবিরে। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলেরও (Anubrata Mondal)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি তথা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল নেত্রীর হাত ছাড়লে তা হবে তৃণমূলের পক্ষে বিরাট ধাক্কা। ভোটের ফল প্রকাশের পর থেকে সেভাবে লাইম লাইটে না আসা কেষ্ট নিজেকে গুটিয়েই রেখেছিলেন। এবার জানা যাচ্ছে সেই কেষ্টও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) শিবিরে যোগ দিতে চলেছেন। আগামীকালই এই বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে বলে সূত্রের খবর।

শুক্রবার বিধানসভায় নাটকীয় কিছু রাজনৈতিক গতিবিধির পরেই এই খবর সামনে আসে। প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, তিনি গতকাল বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে একান্তে বৈঠক করেন। এর পরেই বিধানসভা থেকে ঋতব্রত শিবিরের এক প্রভাবশালী বিধায়ক সরাসরি ফোন করেন অনুব্রতকে। সেই ফোনেই দলবদলের শেষ মুহূর্তের রূপরেখা চূড়ান্ত হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘোর বিরোধী বলে পরিচিত কাজল শেখ ইতিমধ্যেই ঋতব্রতপন্থী তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন। তাঁর পাশাপাশি বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহও রয়েছেন এই শিবিরে। এবার অনুব্রতও সেখানে যোগ দেওয়ায় বীরভূমের পুরো চেনা টিমটাই চলে যাচ্ছে ঋতব্রতের ছায়াতলে।

যা জানা যাচ্ছে তা হল,  ঋতব্রতপন্থী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি (Birbhum TMC President) করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। শুক্রবারের ফোনালাপেই তাঁর থেকে এই পদের জন্য সম্মতি নেওয়া হয়েছে এবং তিনি তাতে সবুজ সংকেত দিয়েছেন। শনিবার ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেই অনুব্রতের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এর আগে মমতার চোখ-কান বলে পরিচিত ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রথম সারির হেভিওয়েট নেতারা সঙ্গ ছেড়েছেন। সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যও। এবার অনুব্রতের মতো ‘সংগঠক’ হাতছাড়া হওয়া কালীঘাট শিবিরের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *