প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক তৃণমূল নেতাকে ডোবা থেকে তুলে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিলেন সুমিত ঘোষ নামের ওই নেতা। খবর পেয়ে কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এবং পরে গ্রেপ্তার করে। মঙ্গলবার কালনা আদালতে পেশ করা হলে তিনি জামিন পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত সুমিত ঘোষ কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। ২০২৬ বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর সুমিত গা ঢাকা দিয়ে দেন। গা ঢাকা দিলেও তাঁর প্রতি এলাকার মানুষজনের ক্ষোভ ছিলই। সোমবার তিনি বাড়ি ফিরেছেন দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ তাঁকে তাড়া করেন। আত্মরক্ষার্থে সুমিত কচুরিপানায় ভরা একটি ডোবায় ঝাঁপ দেন। তবে সেখান থেকেই স্থানীয়রা তাঁর কোমরে দড়ি বেঁধে তুলে নিয়ে এসে কাকুরিয়া গ্রামে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।
কালনার বিজেপি নেতা নিমাই চাঁদ মণ্ডল অভিযোগ করে দাবি করেন, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, লুটপাট ও বিরোধীদের ওপর অত্যাচারের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। কাকুরিয়া গ্রামের বাসিন্দা সাগর মাঝি ও শিখা সঁতরাও তাঁর বিরুদ্ধে লুটপাট ও জুলুমবাজির নানা অভিযোগ তুলেছেন।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমিত ঘোষ। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত নন এবং সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বাড়িঘর ভাঙচুর করে মারধর করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকাও দাবি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

