বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে। এবার ভাটোল ফাঁড়ির ধুসমোল গ্রামে এক দম্পতিকে ‘ডাইনি’ অপবাদ (Witchcraft Allegation) দিয়ে মারধর ও জোরপূর্বক মলমূত্র খাইয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা সামনে এল। আতঙ্কে বর্তমানে গ্রামছাড়া ওই দম্পতি।
স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশীদের ঘরের মহিলারা অসুস্থ হওয়ায় এক ওঝা ডেকে সালিশি সভা বসানো হয়। সেখানেই জটিলা বর্মন ও গজেন বর্মনকে ‘ডাইনি’ দেগে দিয়ে নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। প্রতিবাদ করতেই মেলে চরম অত্যাচার। নির্যাতিতা জটিলা বর্মন অভিযোগের সুরে বলেন, “আমাদের ৩ বিঘা জমি ও ১০ কাটা বসত বাড়ির জমি রয়েছে। সেই জমি দখল করার জন্যই তৃণমূল (tmc) আশ্রিত দুষ্কৃতীরা এই ফন্দি এঁটেছে। এর পেছনে রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য যতন সিংহ ও পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ বর্মন।” যদিও তৃণমূল প্রধানের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, বিষয়টির মূলে রয়েছে গ্রামবাসীদের অন্ধবিশ্বাস।
ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা আদালতে আইনজীবীর মাধ্যমে BNSS-এর ১৭৫(৩) ধারায় মামলা রুজু হয়েছে। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ পুলিশ জেলার এসপি ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ। বিজ্ঞান মঞ্চ ও প্রশাসনকে যুক্ত করে ওই দম্পতিকে ঘরে ফেরানোর দাবি উঠেছে।
