West Bengal vacationer lodges | ট্যুরিস্ট লজে শপিং মল, স্টার হোটেল! তিন সম্পত্তি নিয়ে নয়া ভাবনা সরকারের 

শিক্ষা
Spread the love


শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির মৈনাক, মালবাজারের বনলক্ষ্মী এবং সল্টলেকের উদয়াচল- রাজ্যের তিন ট্যুরিস্ট লজের (West Bengal vacationer lodges) ভোল বদলের পরিকল্পনা পর্যটন দপ্তরের। পর্যটন উন্নয়ন নিগমের নিয়ন্ত্রণে থাকা তিন সম্পত্তির খোলনলচে পালটে সেখানে শপিং মল, স্টার ক্যাটিগোরির হোটেল, রেস্তোরাঁ, বিলাসবহুল ব্যাংকোয়েট হল সহ বিনোদনের অত্যাধুনিক বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়াও বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে পর্যটন দপ্তরের জমিতে একই পরিকাঠামো তৈরির পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। পর্যটন দপ্তর সূত্রের খবর, সরকারি বিনিয়োগেই তৈরি হবে পরিকাঠামো। সম্পত্তির মালিকানা থাকবে পর্যটন দপ্তরের হাতেই। তবে পদ্ধতি মেনে তা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে এক বা একাধিক অভিজ্ঞ ও প্রসিদ্ধ বেসরকারি সংস্থাকে। তিন ট্যুরিস্ট লজের ক্ষেত্রে পরিকল্পনা সফল হলে পরবর্তীতে মালদা, বহরমপুর সহ রাজ্যের বাছাই করা ট্যুরিস্ট লজগুলিতে একই পরিকল্পনায় কাজ হবে বলেই জানিয়েছেন পর্যটন দপ্তরের কর্তারা।

পর্যটনমন্ত্রী শংকর ঘোষের (Shankar Ghosh) কথা, ‘পর্যটকদের সুবিধা, দপ্তরের আয় বৃদ্ধি, স্থানীয়দের চাহিদা সবদিক বিবেচনা করেই আমরা পরিকল্পনা করেছি। অত্যাধুনিক পরিকাঠামো তৈরি হবে। বাগডোগরা বিমানবন্দরের কাছাকাছি সরকারি হোটেল, রেস্তোরাঁ নেই। গোঁসাইপুরে আমাদের জমি পড়ে থেকে নষ্ট হচ্ছে। সেখানে পরিকাঠামো তৈরি হলে দেশ-বিদেশের পর্যটকদের সুবিধা হবে। কালিম্পং সহ ডুয়ার্সের অন্যতম কেন্দ্র মালবাজারে ওই ধরনের পরিকাঠামো তৈরি হলে সার্বিকভাবে সকলেই লাভবান হবেন।’ দপ্তর সূত্রের খবর, চার প্রকল্পের জন্য ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বরেই পরিকাঠামো নির্মাণের টেন্ডার করা হবে। যদিও চার প্রকল্পে মোট কত টাকা বরাদ্দ হয়েছে সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে নারাজ দপ্তরের আধিকারিকরা।

শিলিগুড়ির (Siliguri) প্রাণকেন্দ্রে অবস্থিত মৈনাকে থাকা ও খাওয়ার বন্দোবস্ত আছে। রয়েছে ব্যাংকোয়েট হলও। পর্যটন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, স্টার ক্যাটিগোরির হোটেল হলে পুরো ব্যবস্থাপনা বদলে যাবে। নীচে শপিং মল, উপরে হোটেল সেই পরিকল্পনাতেই কাজ এগোচ্ছে। শিলিগুড়ি শহরের উপর দিয়ে যাওয়া সব থেকে ব্যস্ত হিলকার্ট রোডের আশপাশে কোনও আধুনিক শপিং মল নেই। মৈনাকে শপিং মল হলে তা পর্যটক এবং স্থানীয় ও বহিরাগত ক্রেতাদের নজর কাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরাও। ওই আধিকারিক জানিয়েছেন, অভিজ্ঞ সংস্থার মাধ্যমে বাজার সমীক্ষা করার পরই তাঁরা প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ করেছেন। পর্যটন দপ্তরের কর্তারা জানিয়েছেন, মালবাজারের ট্যুরিস্ট লজের জনপ্রিয়তা আগের মতো নেই। লজের রেস্তোরাঁর ভিড়ও কার্যত তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে লজকে আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা অনেক আগে থেকেই আলোচনায় ছিল। নয়া পরিকল্পনায় তাই ওই লজকে রাখা হয়েছে।

গোঁসাইপুরে জাতীয় সড়কের ধারে বহু বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পর্যটন দপ্তরের জমি। বর্তমানে সেই জমি ভাগাড়ে পরিণত হয়েছে। গৌতম দেব পর্যটনমন্ত্রী থাকাকালীন ওই জমি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সময় সীমানা প্রাচীরও দেওয়া হয়। তবে কোনও কাজ হয়নি। মহার্ঘ ওই জমি এবার কাজে লাগাবে দপ্তর। সল্টলেকের উদয়াচলে অনেকটা অব্যবহৃত জমি রয়েছে। সেক্টর-২’এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় থাকা ওই ট্যুরিস্ট লজের একাংশে পর্যটনমন্ত্রী ও আমলাদের দপ্তরও রয়েছে। খোলনলচে বদলে সেখানে পরিকল্পনামাফিক পরিকাঠামো তৈরির পাশাপাশি দপ্তরের মন্ত্রী, আমলাদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হবে।

সরকারি অর্থে পরিকাঠামো উন্নয়ন করে সেই সম্পত্তি পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বক্তব্য, ‘আমরা পরিকাঠামো উন্নয়নের বিরুদ্ধে নই। তবে সরকারি টাকায় পরিকাঠামো উন্নয়ন করে তা বেসরকারি সংস্থাকে উপহার দেওয়া হলে আমরা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। শুধু মালিকানা নয়, আমরা চাই সরকারিভাবেই সবটা পরিচালনা হোক এবং কর্মসংস্থান বৃদ্ধি করা হোক।’ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় ঘটকও বেসরকারি সংস্থার হাতে সরকারি সম্পত্তির পরিচালনার ভার তুলে দেওয়ার বিরোধিতা করেছেন। তাঁর কথা, ‘দেশজুড়েই বিজেপি সরকারি টাকায় পরিকাঠামো গড়ে তা তাদের পছন্দের বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এক্ষেত্রেও পৃথক ভাবনা নেই তাদের। তবে আমরা কোনওভাবেই বেসরকারিকরণ হতে দেব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *