নিশিগঞ্জ: কোরামের অভাবে প্রথম দফার বৈঠক ভেস্তে যাওয়ার পর অবশেষে নাটকীয় মোড় নিল নিশিগঞ্জে (Nishiganj)। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নিয়ম মেনেই নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসন দখল করল বিজেপি (BJP)। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই প্রধান নির্বাচনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির তিন জন পঞ্চায়েত সদস্য। ১৪ সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC) ১১ জন সদস্যই এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। উপস্থিত তিন সদস্যের সমর্থনে বিজেপির ফুলফুলি দেবসিংহ নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
এর আগে তৃণমূলের প্রধানের পদত্যাগের জেরে গত ২৯ জুলাই প্রথমবার প্রধান নির্বাচনের জন্য সভা ডাকা হয়েছিল। কিন্তু সেদিন বিজেপির মাত্র এক জন সদস্য উপস্থিত থাকায় প্রয়োজনীয় কোরাম পূরণ হয়নি। ফলে নির্বাচন স্থগিত হয়ে যায় এবং পঞ্চায়েতে প্রশাসক নিয়োগের তীব্র জল্পনা শুরু হয়। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন করে ডাকা সভায় বিজেপির তিন সদস্য উপস্থিত থাকায় এবং তৃণমূলের সদস্যরা যোগ না দেওয়ায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।
নতুন প্রধান নির্বাচিত হওয়ার খবর চাউর হতেই নিশিগঞ্জে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। এলাকায় বিজয় মিছিল বের করার পাশাপাশি আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।

