West Bengal Title Change | ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নয়, সরকারিভাবে রাজ্যের একমাত্র নাম হবে ‘পশ্চিমবঙ্গ’; জলপাইগুড়িতে বড় ঘোষণা শমীক ভট্টাচার্যের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জলপাইগুড়ি: “ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাঙ্গাল, বঙ্গ বা বাংলা—কোনোটিই নয় (West Bengal Title Change)। একটাই মাত্র নাম হবে, আর তা হল পশ্চিমবঙ্গ।” মঙ্গলবার জলপাইগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের নাম নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের নাম স্থায়ী ও নির্দিষ্ট করতে আগামী বিধানসভা অধিবেশনে একটি বিশেষ বিল আনা হবে।

এদিন জলপাইগুড়ির জনসভায় শমীকবাবু বলেন, “পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় অবস্থানের ভিত্তিতে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ—সেই বঙ্গ ভেঙে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ।” এই নামের পেছনে ড. শ্যামা প্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জোরালো সওয়াল করেন যে, এই ইতিহাসের সঙ্গে কোনোভাবেই কাটাছেঁড়া করা উচিত নয়। যাঁরা অতীতে বা বর্তমানে রাজ্যের নাম পরিবর্তন করতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, বাংলা, হিন্দি কিংবা ইংরেজি—সব ভাষাতেই দাপ্তরিক বা সরকারিভাবে রাজ্যের নাম শুধুমাত্র ‘পশ্চিমবঙ্গ’ হিসেবেই ব্যবহার করা হবে। আর এই সিদ্ধান্তকে আইনগত ও স্থায়ী রূপ দিতেই আগামী বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে বিল আনা হচ্ছে।

উল্লেখ্য, অতীতে বাম আমলেও রাজ্যের নাম পরিবর্তনের নানান চিন্তাভাবনা করা হয়েছিল, তবে তা কখনও বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘বাংলা’ নামটি বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ করিয়ে কেন্দ্র সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছিল। কিন্তু কেন্দ্র সেই প্রস্তাবে অনুমোদন দেয়নি। ফলে এতদিন বিষয়টি ঝুলে থাকলেও, এবার বিধানসভায় নতুন বিল এনে রাজ্যের নাম স্থায়ীভাবে ‘পশ্চিমবঙ্গ’ করার সরকারি উদ্যোগ নিতে চলেছে বিজেপি—এমনটাই ইঙ্গিত দিলেন শমীক ভট্টাচার্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *