উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিলেন মার্কিন সেনেটররা। রাশিয়া থেকে তেল (Russian Oil) ও প্রাকৃতিক গ্যাস কেনার অভিযোগে ভারত (India), চিন (China) সহ পাঁচটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা (US Tariff)। এই পদক্ষেপ কার্যকর হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল এই নতুন বিলটির রূপরেখা তুলে ধরেন। বিলে ভারত ও চিনের পাশাপাশি স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউস এই প্রস্তাবিত বিলটিকে সমর্থন জানিয়েছে। সূত্রের খবর, আগামী অগাস্ট মাসের আগেই মার্কিন কংগ্রেসে বিলটি পাশ করানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
মূলত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা। এর আগে প্রাক্তন সেনেটর লিন্ডসে গ্রাহাম ৫০০ শতাংশ শুল্কের প্রস্তাব দিলেও তা কার্যকর হয়নি। এবারের নয়া বিলটি সেই পুরোনো প্রস্তাবেরই একটি সংশোধিত রূপ। বর্তমানে ২৬ জন সেনেটর এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে অতীতেও মার্কিন সর্বোচ্চ আদালতে বড় ধরনের ধাক্কা খেতে হয়েছিল ওয়াশিংটনকে। জাতীয় জরুরি অবস্থার অজুহাতে বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক চাপানোর সিদ্ধান্তকে আদালত ‘বেআইনি’ বলে ঘোষণা করেছিল। সম্প্রতি ১০ শতাংশ শুল্কের ঘোষণাও আইনি বাধার মুখে পড়ে। এই প্রেক্ষাপটে নতুন বিলটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে মার্কিন প্রশাসনের এই নতুন উদ্যোগ যে বিশ্বজুড়ে ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমেরিকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বড় চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে, তা বলাই বাহুল্য। বিষয়টি নিয়ে ভারত সরকার কী প্রতিক্রিয়া জানায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

