Cristiano Ronaldo | ৫ বছরে ১৪ বার ট্রফি হাতছাড়া, ফাইনালে হেরে মেজাজ হারিয়ে রুপোর পদক না নিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক রোনাল্ডো

Cristiano Ronaldo | ৫ বছরে ১৪ বার ট্রফি হাতছাড়া, ফাইনালে হেরে মেজাজ হারিয়ে রুপোর পদক না নিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক রোনাল্ডো

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছরে ১৪ বার! আবারও স্বপ্নভঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। আবারও একটা চরম হতাশার রাত পার করল তাঁর দল আল নাসের (Al Nahr)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League) টু-এর মেগা ফাইনালে জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে ০-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করল সৌদি জায়ান্টসরা। আর এই স্বপ্নভঙ্গের রাতেই এক অনভিপ্রেত বিতর্কে জড়িয়ে পড়লেন সিআর সেভেন (CR7)।

ঠিক কী ঘটেছিল? রেফারি ম্যাচ শেষের শেষ বাঁশি বাজাতেই ক্যামেরার নজর ঘুরে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। দেখা যায়, হতবাক ও বিধ্বস্ত মুখে কিছুক্ষণ মাঠেই দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সতীর্থ বা প্রতিপক্ষের কারও সাথে কোনো কথা না বলে ধীরে ধীরে টানেলের দিকে হাঁটা দেন। চরম অপমানের বিষয় এটাই যে, দলের বাকি ফুটবলাররা যখন রানার্স-আপের রুপোর পদক নেওয়ার জন্য সারিবদ্ধ হচ্ছিলেন, তখন অধিনায়ক হিসেবে সেই মঞ্চে উপস্থিতই থাকেননি রোনাল্ডো। এই দৃশ্য মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের মতে, আরও একটি বড় শিরোপা হারানোর তীব্র হতাশা ও ক্ষোভ থেকেই ৪১ বছর বয়সী এই মহাতারকা এমন আচরণ করেছেন।

এদিন ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৩০ মিনিটে, গাম্বা ওসাকার দেনিজ হুম্মেতের পা থেকে। এরপর আল নাসেরের পায়ে বলের দখল বেশি থাকলেও, গোলমুখ খুলতে ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচ খেলে রোনাল্ডো নিজে পাঁচটি শট নিলেও, তার একটিও অন-টার্গেট ছিল না। উল্টে দুটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। এই হারের পর সমাজমাধ্যমে আল নাসেরকে নিয়ে তীব্র ট্রোল শুরু হয়েছে। এক সমর্থক লিখেছেন, ‘এই দলটা যেন সৌদি আরবের আর্সেনাল। বড় ম্যাচ এলেই ভেঙে পড়ে।’ অন্য এক নেটিজেনের দাবি, ‘রোনাল্ডো আরও ভালো দল পাওয়ার যোগ্য। আল নাসেরের রক্ষণ ও মাঝমাঠ খুবই হতাশাজনক।’

২০২৩ সালে আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন রোনাল্ডো। চলতি মরশুমেও ৩৬ ম্যাচে ২৮টি গোল করে ফেলেছেন তিনি। কিন্তু দলগতভাবে বড় ট্রফি অধরাই থেকে যাচ্ছে, যার পরিসংখ্যান—বিগত পাঁচ বছরে ১৪টি শিরোপা হাতছাড়া।

তবে সিআর সেভেনের জন্য এই মরশুম এখনই শেষ হয়ে যায়নি। এএফসি-র দুঃখ ভুলে সৌদির ঘরোয়া লিগ ‘সৌদি প্রো লিগ’ জয়ের দৌড়ে এখনও সবার আগে রয়েছে আল নাসের। ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোনাল্ডোরা। প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলাল ৮১ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। গাম্বা ওসাকার কাছে আল নাসের যেদিন হারল, সেদিনই নিজেদের ম্যাচ জিতে ব্যবধান কমিয়েছে আল হিলাল।

সৌদি লিগে এখন বাকি মাত্র শেষ এক রাউন্ড। আগামী ২২ মে ঘরের মাঠে দামাক এফসির মুখোমুখি হবে আল নাসের। অন্যদিকে, আল হিলাল খেলবে আল ফাইহার বিরুদ্ধে। সমীকরণ অত্যন্ত সহজ—শেষ ম্যাচে আল নাসের জিতলেই চ্যাম্পিয়ন। কিন্তু তারা যদি কোনোভাবে পয়েন্ট নষ্ট করে এবং আল হিলাল জিতে যায়, তবে মুখোমুখি লড়াইয়ের (Head-to-head) নিয়মে ট্রফি চলে যাবে আল হিলালের ঝুলিতে। তাই এএফসি ফাইনালের হতাশা দ্রুত কাটিয়ে উঠে আগামী ২২ মে-র ‘ডু অর ডাই’ ম্যাচে জয় নিশ্চিত করাই এখন পর্তুগিজ কিংবদন্তির একমাত্র লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *