উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অল্পের জন্য ড্রোন হামলার থেকে রক্ষা পেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) বিমান! এমনই বিস্ফোরক দাবি করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর (Norwegian PM Jonas Gahr Stoere)।
এক সাক্ষাৎকারে নরওয়ের প্রধানমন্ত্রী জানান, গত মঙ্গলবার নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন জেলেনস্কি। সেই সময় মলডোভা (Moldova) বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি ড্রোনের সামনে চলে আসে জেলেনস্কির বিমান। আর একটু হলেই ড্রোনটি প্রায় আঘাত করেই ফেলেছিল (Drone assault) বলে দাবি করেছেন স্টোর। তবে ঠিক কতখানি কাছ দিয়ে ড্রোনটি অতিক্রম করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ওই একইদিনে দুটি রুশ ড্রোন মলডোভার আকাশসীমায় প্রবেশ করায় চিসিনাও বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়। এর মধ্যে একটি ড্রোন মাঠে পড়ে আগুন ধরে গেলেও অন্যটি রোমানিয়ার আকাশসীমায় চলে যায়। এই ঘটনার তীব্র নিন্দা করে একে মানুষের জীবনের প্রতি মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন মলডোভার প্রেসিডেন্ট মায়া সান্দু।
মলডোভার এই বিপজ্জনক পরিস্থিতি কাটিয়ে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছান জেলেনস্কি। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, অর্থমন্ত্রী জেনস স্টলটেনবার্গ এবং বিদেশমন্ত্রী এসপেন বার্থ এইডের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বিশেষ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘ফ্রেয়া’ (FREYJA) প্রকল্প নিয়ে প্রতিরক্ষা শিল্প আধিকারিকদের সঙ্গে তাঁর বিশদ আলোচনা হয়।
আলোচনা শেষে নরওয়ের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন জেলেনস্কি। উল্লেখ্য, গত ২৮ অগাস্ট ৮৯ বছর বয়সে মারা যান নরওয়ের রাজা পঞ্চম হারল্ড। বুধবার অসলোর কেন্দ্রস্থলে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে রাজা হারল্ডের কফিনের পেছনে হেঁটে শ্রদ্ধা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই নরওয়ে থেকে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি।

