উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার (Russia) সঙ্গে বাণিজ্য করলেই আরোপ করা হতে ৫০০ শতাংশ শুল্ক (US Tariff)। মস্কোর উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে এবার দেশগুলিকে এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন সিনেট আইনকে সমর্থন করেন। যার মাধ্যমে মস্কোর সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে ওয়াশিংটন। তাঁর কথায়, ‘রিপাবলিকানরা এমন আইন তৈরি করছেন যার মাধ্যমে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশের উপর অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা চাপানো হবে। আমরা এর সঙ্গে ইরানকেও যুক্ত করতে পারি।’
এদিকে, পূর্ব ইউক্রেনের কৌশলগত রেল কেন্দ্র পোকরোভস্ক দখলের জন্য জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। এর মধ্যেই ট্রাম্পের এই হুঁশিয়ারি সামনে এল। উল্লেখ্য, এর আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। কারণ মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, ভারতকে তেল বিক্রি করে পাওয়া অর্থের মাধ্যমেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে, কিছুদিন আগেই ট্রাম্প এও দাবি করেছেন যে, রাশিয়ার থেকে তেল কেনা অনেকটা কমিয়েছে ভারত। সেজন্য ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি সফল হলে শুল্কের হার কমানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। মূলত রাশিয়ার তেলের অন্যতম দুই বড় ক্রেতা হল চিন এবং ভারত। তাই এবার ট্রাম্পের এই হুঁশিয়ারির পর কী অবস্থান নেয় দুই দেশ, সেটাই দেখার।
