উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের টানাপোড়েন ও পুলিশি তল্লাশির পর অবশেষে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুশান্ত ঘোষ (Sushanta Ghosh arrested)। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আত্মগোপন করে থাকার পর, ওডিশার পুরী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) (STF)। তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ‘ফেরার’ ছিলেন তিনি।
প্রসঙ্গত, ১০৮ নম্বর ওয়ার্ডের হকারদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে আনন্দপুর থানায় মামলা দায়ের করেন স্থানীয় হকার্স কমিটির সদস্যরা। অভিযোগ জমা পড়ার পর থেকেই সুশান্ত ঘোষ এলাকা থেকে গা-ঢাকা দেন। তদন্তের শুরুতেই পুলিশ ওডিশা (Odisha) পর্যন্ত তাঁর পিছু নিয়েছিল। ওডিশার রাস্তায় পুলিশকে দেখতে পেয়েই তিনি দ্রুত গাড়ি থেকে নেমে অজানার উদ্দেশে পালিয়ে যান। সেই সময় তাঁর গাড়ি থেকে চালক সুজিত চৌধুরীকে গ্রেপ্তার করা গেলেও, সুশান্তের নাগাল পাননি তদন্তকারীরা।
রাজনৈতিক মহলে সুশান্ত ঘোষের দাপট ছিল সুবিদিত। গত মাসে তিনি ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও কাউন্সিলার পদ আঁকড়ে ছিলেন। পরে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। পুলিশি তদন্তে নেমে তদন্তকারীরা সুশান্তের নামে পাহাড়প্রমাণ সম্পত্তির হদিস পেয়েছেন। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, বেনামে থাকা তাঁর এই সম্পত্তির বাজারমূল্য কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সুশান্তকে হেপাজতে নিয়ে এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে পুলিশ।

