Surendranath Faculty Money Restoration | ইউনিয়ন রুমের আলমারি খুলতেই চোখ কপালে! সুরেন্দ্রনাথ কলেজে  উদ্ধার উই পোকা খাওয়া লক্ষাধিক টাকা

Surendranath Faculty Money Restoration | ইউনিয়ন রুমের আলমারি খুলতেই চোখ কপালে! সুরেন্দ্রনাথ কলেজে  উদ্ধার উই পোকা খাওয়া লক্ষাধিক টাকা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম (Surendranath Faculty Money Restoration) থেকে উদ্ধার হলো ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা। আর সেই টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। অভিযোগ, কলেজের ভর্তি দুর্নীতির বিনিময়ে পাওয়া এই টাকা দীর্ঘদিন ধরে আলমারিতে বন্দি থাকায় তা উই পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে।

মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ ইউনিয়ন রুম পরিষ্কার করার সময় আলমারি থেকে দুটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ উপস্থিত কর্মী-সহ সকলের। ব্যাগের ভেতরে ছিল ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল। কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় টাকার বেশিরভাগ অংশই উই পোকায় খেয়ে ফেলেছে। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে।

ঘটনার খবর পেয়েই সুরেন্দ্রনাথ কলেজে পৌঁছান বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে দুর্নীতির আঙুল তুলেছেন। সজল ঘোষের কথায়, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা কাউন্সিলরের পাটক্ষেতের পর এবার খোদ কলেজের ইউনিয়ন রুম। কত টাকা থাকলে উই পোকায় টাকা খায়? আমি আগেই জানিয়েছিলাম সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন ফান্ডে প্রায় দেড় কোটি টাকা রয়েছে। এই টাকা সাধারণ ছাত্রছাত্রীদের ভর্তির টাকা, যা কোটি কোটি টাকার বিনিময়ে তোলা হয়েছিল।”

ইউনিয়ন রুমের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করেছে বিজেপি। কলেজ চত্বরে প্রফেসর ও শিক্ষাকর্মীদের ওপর ভয় দেখানো ও প্রতারণার অভিযোগও নতুন করে সামনে এসেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে লক্ষাধিক টাকা উদ্ধার ও তার এমন করুণ পরিণতি নিয়ে জনমনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনা তদন্তের দাবিও তুলছেন অভিভাবক ও পড়ুয়াদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *