উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছুটির দিনে রান্নাঘরে দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা কারই বা থাকে! অথচ দুপুরের পাতে সুস্বাদু কিছু খাবার তো চাই-ই। যারা পটল খেতে খুব একটা পছন্দ করেন না, তারাও চেটেপুটে খাবেন বাড়ির তৈরি ‘পটলের ঘণ্ট’। মাত্র ১০-১৫ মিনিটের এই চটজলদি রেসিপিটি আপনার ছুটির দুপুরের জন্য হতে পারে সেরা পছন্দ।
প্রয়োজনীয় উপকরণ: এই পদটি বানাতে লাগবে ৩৫০ গ্রাম পটল, ২টি আলু, ৩ চামচ কুড়ানো নারকেল, ৩ টেবিল চামচ সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ১ ইঞ্চি আদা বাটা, ধনেগুঁড়ো (আধ চা চামচ), জিরেগুঁড়ো (১ চা চামচ), হলুদগুঁড়ো, স্বাদমতো লঙ্কাগুঁড়ো, ১ চামচ চিনি, আধ চা চামচ গুঁড়ো গরম মশলা, ১ চামচ ঘি এবং স্বাদমতো নুন।
প্রস্তুতি পদ্ধতি: প্রথমে পটল খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে মিক্সিতে হালকা বেটে নিন বা মিহি কুচি করে নিন। আলুও একই মাপের ডুমো করে কেটে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর আদা বাটা দিয়ে আলুগুলো ভাজতে শুরু করুন। আলু হালকা ভাজা হলে তাতে কুড়ানো নারকেল ও সামান্য নুন মিশিয়ে দিন।
এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানো হলে পটল বাটা বা কুচি কড়াইতে ঢেলে দিন। সব্জি দ্রুত সেদ্ধ করতে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন। সবশেষে জল শুকিয়ে এলে স্বাদমতো চিনি, ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আপনার পটলের ঘণ্ট। গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই পদটি বাড়ির ছোট থেকে বড়—সবারই মন জয় করবে নিশ্চিত।
