জেরুজালেম: প্যালেস্তাইনের বিদ্রোহী গোষ্ঠী হামাসের (Hamas) সঙ্গে ইজরায়েলের (Israel) সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে নামেই। লড়াই থামেনি। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের রাফায় হামাসের এক গোপন সুড়ঙ্গের খোঁজ পেল আইডিএফ-এর (IDF) দুই এলিট ইউনিট।
তারা জানিয়েছে, সুড়ঙ্গটি মাটি থেকে ২৫ মিটার গভীরে। সাত কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গটি (Tunnel) যেন পাতালপুরী। তাতে ৮০টি ঘর। সুড়ঙ্গে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ইজরায়েলি সেনা অফিসার লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের দেহাবশেষ। ২০১৪ সালে ইজরায়েল-হামাস যুদ্ধে নিহত হয়েছিলেন গোল্ডিন। ইজরায়েলি সেনা এখনও পর্যন্ত যতগুলি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ,এটি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুড়ঙ্গের ঘরগুলি ব্যবহার হয় অস্ত্র মজুত, হামাস যোদ্ধাদের লুকিয়ে থাকার জন্য। সুড়ঙ্গটি রয়েছে রাফার ঘনবসতিপূর্ণ এলাকায়। সুড়ঙ্গের ওপরে রয়েছে ইউনাইটেড নেশনস এজেন্সি ফর প্যালেস্তাইন রিফিউজিস-এর কম্পাউন্ড, মসজিদ, ক্লিনিক, কিন্ডারগার্টেন-এর মতো বহু অসামরিক ভবন।
