উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির চিরকালীন খাদ্যতালিকায় মাছের ঝোল বা ঝাল অত্যন্ত জনপ্রিয় পদ। তবে গতানুগতিক রান্নার বাইরে একটু নতুন স্বাদের অন্বেষণ করতে কে না ভালোবাসে? বিশেষ করে দুপুরের ভোজ বা সন্ধ্যার আড্ডায় যদি পাতে থাকে মুচমুচে ফিশফ্রাই, তবে তো কথাই নেই! সাধারণত লোটে বা তোপসে দিয়ে ফিশফ্রাই খাওয়ার চল থাকলেও, এবার রসনা তৃপ্তিতে বানিয়ে নিতে পারেন পাবদার মুচমুচে ফ্রাই। ঝক্কিহীন উপায়ে ঘরেই বানিয়ে ফেলা যায় এই রেসিপি, যা ছোট থেকে বড়— সকলেরই মন জয় করবে (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
তাজা পাবদা মাছ
১টি ছোট পেঁয়াজ
৪-৫টি কাঁচালংকা
পরিমাণমতো ধনেপাতা
৬-৭ কোয়া রসুন
আধ ইঞ্চি আদার টুকরো
৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
৩ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
১টি পাতিলেবুর রস
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
কাশ্মীরি লংকার গুঁড়ো
স্বাদমতো নুন
ভাজার জন্য পর্যাপ্ত সর্ষের তেল
কাসুন্দি
প্রণালী:
প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে ছুরি দিয়ে পেটের দিকটা সামান্য চিরে নিন। এরপর পাতিলেবুর রস, নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর মিক্সারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালংকা এবং ধনেপাতা একসঙ্গে পেস্ট করে নিন। এই মিশ্রণটি মাছের গায়ে ভালো করে মাখিয়ে আরও ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিন। এতে মাছের ভেতরে মশলা ভালোভাবে প্রবেশ করবে।
তারপর একটি ছড়ানো পাত্রে কর্নফ্লাওয়ার, বিস্কুটের গুঁড়ো, নুন এবং লংকার গুঁড়ো মিশিয়ে একটি ড্রাই কোটিং মিশ্রণ তৈরি করুন। এবার ম্যারিনেট করা মাছগুলো এই মিশ্রণে ভালো করে উলটে-পালটে কোট করে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে তুলুন। দুপুরের ভাতের পাতে গরম ভাজার পাশাপাশি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এই পদটি দারুণ মানানসই। সঙ্গে গোল গোল কাটা পেঁয়াজ, পাতিলেবু এবং খাঁটি কাসুন্দি থাকলে জাস্ট জমে যাবে!

