উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাছ-মাংস ছাড়াই রান্নার ঝক্কি এড়িয়ে পাতে ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু ডিমের পাতুরি। ব্যস্ত বা ক্লান্ত দিনে যখন দীর্ঘক্ষণ রান্নাঘরে কাটানোর ইচ্ছে থাকে না, তখন এই পদটি হতে পারে আপনার নিখুঁত পছন্দ। সাধারণ মুরগির ডিম দিয়ে এটি তৈরি করা গেলেও, আসল স্বাদ পেতে হাঁসের ডিম ব্যবহার করাই শ্রেয় (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ
হাঁসের ডিম: ৫-৬টি
পোস্ত ও সর্ষে (সাদা ও কালো): প্রতিটির পরিমাণ ২ টেবিল চামচ করে
সাদা তিল: ২ টেবিল চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
কাঁচা লংকা ও নুন: স্বাদমতো
কলাপাতা: ১০-১২টি টুকরো (আগুনে হালকা সেঁকে নেওয়া)
প্রণালী
প্রথমে হাঁসের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন। পাশাপাশি সর্ষে, পোস্ত এবং কাঁচা লংকা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে অল্প নুন দিয়ে একসঙ্গে বেটে পেস্ট বানিয়ে নিন। সেদ্ধ ডিমগুলো মাঝখান থেকে লম্বালম্বি কেটে নিন। এরপর কাটা ডিমগুলোর গায়ে সর্ষে-পোস্তর পেস্ট এবং সামান্য সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিন। নএবার এক টুকরো সেঁকে নেওয়া কলাপাতার মধ্যে একটি করে ডিমের টুকরো রেখে তার সঙ্গে একটি গোটা কাঁচা লংকা দিন। কলাপাতাটি মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন যাতে মশলা বেরিয়ে না যায়।
এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল ব্রাশ করে পাতুরিগুলো হালকা আঁচে সেঁকে নিতে পারেন। অথবা টিফিন বাক্সে কলাপাতায় মোড়া ডিমগুলো সাজিয়ে ফুটন্ত জলের ভাপেও সেদ্ধ করে নিতে পারেন।
ব্যাস, মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল লোভনীয় ডিমের পাতুরি। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।
The submit Recipe | অলস দুপুরের পারফেক্ট লাঞ্চ! ঝটপট তৈরি করে ফেলুন ‘ডিমের পাতুরি’ appeared first on Uttarbanga Sambad.
