উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাছ বা মাংসের ঝক্কি এড়িয়ে কম সময়ে সুস্বাদু কিছু বানাতে চাইলে ডিমের জুড়ি মেলা ভার। রোজকার ডিমের ঝোল, কষা, ভাপা কিংবা কোর্মা তো বহু খেয়েছেন, এবার স্বাদে বদল আনতে রান্নাঘরে বানিয়ে নিন দক্ষিণ ভারতীয় স্বাদের ‘এগ ঘি রোস্ট’। পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে এই পদের পরিবেশন যেমন জমে যাবে, তেমনই অতিথি আপ্যায়ন হলেও এটি সহজেই বাজিমাত করবে (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
মূল উপকরণ: ৬টি সেদ্ধ ডিম, ৪ টেবিলচামচ ঘি, ৫-৬টি কারিপাতা, আধ কাপ পেঁয়াজকুচি, আধ চা-চামচ গুড় বা চিনি ও নুন।
মশলা বাটার জন্য: ৫-৬টি শুকনো লংকা, ৫-৬টি কাজু, দেড় টেবিলচামচ গোটা ধনে, ১ চা-চামচ করে গোটা জিরে, গোলমরিচ, সর্ষে ও পোস্ত, ১ টেবিলচামচ তেঁতুলের ক্বাথ, ৫-৬টি লবঙ্গ, ৬-৭ কোয়া রসুন, ১ চা-চামচ আদাকুচি এবং হলুদ গুঁড়ো।
প্রণালী:
প্রথমে সেদ্ধ ডিমগুলি লম্বালম্বি কেটে অর্ধেক করে নিন। তাতে নুন, হলুদ ও লংকা গুঁড়ো মাখিয়ে সামান্য ঘিয়ে হালকা ভেজে তুলে রাখুন। শুকনো লংকা ও কাজুবাদাম কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন। একটি তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত, লবঙ্গ ও সর্ষে শুকনো খোলায় সেঁকে নিন। মিক্সিতে ড্রাই রোস্ট করা মশলা, রসুন, পেঁয়াজ, আদা, ভেজানো কাজু-লংকা, তেঁতুলের ক্বাথ এবং সামান্য নুন একসঙ্গে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
এরপর কড়াইতে ঘি গরম করে কারিপাতা ও গোটা শুকনো লংকা ফোড়ন দিন। এবার বাটা মশলা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে ঘি ছেড়ে এলে স্বাদমতো চিনি বা গুড় এবং সামান্য গরম জল মিশিয়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে ঢিমে আঁচে মিনিট পাঁচেক রান্না হতে দিন। নামানোর আগে উপর থেকে আরও কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম লোভনীয় ‘এগ ঘি রোস্ট’।

