রায়গঞ্জ: রায়গঞ্জের এক সোনার দোকান থেকে ৭০০ গ্রাম সোনা চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল সংশ্লিষ্ট দোকানের সেলস ম্যানেজারের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করে রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ধৃতের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শান্ত দাস (২৫), বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত খলসি গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩০৬/৩১৬(৪) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, “ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারক তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।”
এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হেপাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

