Renu Dhariyal | চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি! গিনেস বুকে নাম তুলে ইতিহাস গড়লেন উত্তরাখণ্ডের রেণু

Renu Dhariyal | চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি! গিনেস বুকে নাম তুলে ইতিহাস গড়লেন উত্তরাখণ্ডের রেণু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  দীর্ঘ এক দশকের নিষ্ঠা, ধৈর্য এবং পরম যত্নে বাড়িয়ে তোলা স্বপ্নের চুল অবশেষে এনে দিল বিশ্বমানের স্বীকৃতি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুলের (নারী) অধিকারী (Longest hair on a dwelling feminine) হিসেবে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Report) নাম তুললেন উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা রেণু ধারিয়াল (Renu Dhariyal)। গত এপ্রিলে হালদোয়ানিতে পরিমাপের পর নিশ্চিত করা হয়, তাঁর চুলের দৈর্ঘ্য ২৭১.৫০ সেন্টিমিটার বা ৮ ফুট ১০ ইঞ্চি। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে তিনি ৮ ফুট ৫.৩ ইঞ্চি দৈর্ঘ্যের চুল থাকা ইউক্রেনের রেকর্ডধারী আলিয়া নাসিরোভাকে পেছনে ফেলে দিয়েছেন।

বিশ্বের সর্বকালের দীর্ঘতম ব্যক্তি রবার্ট ওয়াডলোর উচ্চতা ছিল ২৭২ সেন্টিমিটার; রেণুর কেশরাশির দৈর্ঘ্য প্রায় তার কাছাকাছি। ২০১৫ সাল থেকে একটানা চুল বাড়াচ্ছেন তিনি। ১০ বছরে একবারও চুল ছাঁটেননি। রেণু জানান, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে দীর্ঘ চুলকে সৌন্দর্য এবং আত্মপরিচয়ের রূপক হিসেবে ধরা হয়—সেই চিন্তা থেকেই এই পথচলার শুরু। বর্তমানে তাঁর চুল মেঝেও ছাড়িয়ে পেছনে গড়িয়ে পড়ে।

৮ ফুট ১০ ইঞ্চির এই বিশাল ঘন ও উজ্জ্বল চুল সামলানো মুখের কথা নয়। এটি কেবল চুল বাড়ানোর গল্প নয়, বরং নিয়মিত যত্নের এক দীর্ঘ সাধনা। কৃত্রিম রাসায়নিক সামগ্রী সম্পূর্ণ এড়িয়ে চলেন রেণু। পরিবর্তে তিনি নিজের তৈরি ভেষজ তেল এবং ঘরোয়া শ্যাম্পু ব্যবহার করেন। ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে ধোয়া এবং জট ছাড়াতে।

পেশায় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রেণু নিজের এই বিশেষ অভিজ্ঞতা ও চুলের যত্নের পরামর্শ নিয়মিত অনুরাগী ও সাধারণ নারীদের সঙ্গে ভাগ করে নেন। রাস্তায় বেরোলেই এখন তাঁকে ঘিরে ধরে উৎসুক মানুষের ভিড়। তবে এই স্বীকৃতিকে শুধু একটি রেকর্ড হিসেবে দেখতে নারাজ তিনি। রেণুর মতে, এই আন্তর্জাতিক সম্মান তাঁর স্থানীয় অঞ্চল ও দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সাহায্য করবে। একইসঙ্গে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির প্রতি অনুরাগী থাকতে এটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *