রায়গঞ্জ: সোমবার দুপুরে রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার, গুরুতর আহত হয়েছে আরও এক জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ(Raiganj)থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদের নাম মারিজান খাতুন ও মর্জিনা খাতুন। দুজনেরই বাড়ি শিয়ালতোর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করণদিঘি থেকে রায়গঞ্জগামী একটি বেসরকারি বাস প্রচণ্ড গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দুইজন,গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রায়গঞ্জ(Raiganj) মেডিক্যালে কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, এলাকায় অতিরিক্ত গতিতে যান চলাচল রুখতে ট্রাফিক সিগন্যাল ও সিভিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
