উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন ধরে চলল টানটান নাটক। কখনও আইসিসিকে শাসানি, তো কখনও টুর্নামেন্ট বয়কটের প্রচ্ছন্ন হুমকি। কিন্তু শেষ পর্যন্ত সেই ‘হম্বিতম্বি’ সারই হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি-র ওপর চাপ সৃষ্টি করার যাবতীয় কৌশলে জল ঢেলে পাকিস্তান বুঝিয়ে দিল, মাঠের লড়াই থেকে সরে আসার ঝুঁকি তারা নিতে পারছে না।
পিসিবি প্রধান মহসিন নকভি বয়কটের নাটক সাজালেও তলে তলে যে দল গোছানোর কাজ সেরে ফেলেছিলেন, তা স্পষ্ট। এবারের বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা। এশিয়া কাপেও তাঁর হাতেই ছিল নেতৃত্বের ভার। দলে ফিরেছেন অভিজ্ঞ বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তবে নজরকাড়া বিষয় হল, বাবর আজম দলে ফিরলেও বিগ ব্যাশে তাঁর সাম্প্রতিক তথৈবচ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন পাক সমর্থকরা।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রাউফের মতো অভিজ্ঞ সিনিয়রের। রিজওয়ান দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে ছিলেন। অন্যদিকে, এশিয়া কাপে হ্যারিস রাউফের জঘন্য বোলিং পারফরম্যান্সই সম্ভবত তাঁর বিশ্বকাপের দরজা বন্ধ করে দিয়েছে। দলে সুযোগ পেয়েছেন আবরার আহমেদ, ফখর জামান এবং শাহিবজাদা ফারহানের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মহসিন নকভি হুঙ্কার দিয়েছিলেন যে, সরকার অনুমতি না দিলে পাকিস্তান ২২ নম্বর দল তৈরি রাখার পরামর্শ দেবে আইসিসি-কে। কিন্তু আইসিসি-র পাল্টা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার হুঁশিয়ারিতে সেই তেজ ধোপে টেকেনি। পিসিবি বুঝতে পেরেছে, আইসিসি-র সরাসরি চ্যালেঞ্জ নেওয়া মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একঘরে হয়ে যাওয়া। তাই তড়িঘড়ি দল ঘোষণা করে বির্তকে ইতি টানার পথেই হাঁটল পাকিস্তান।
এক নজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খোয়াজা মোহাম্মদ নাফে, মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
