উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে (Jantar Mantar) আয়োজিত সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস-এর বিক্ষোভে যোগ দেওয়ার আগেই শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এবং সিপিএম-এর সাধারণ সম্পাদক এমএবেবি, এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল এবং বৃন্দা কারাতের মতো প্রবীণ বামপন্থীরা। যন্তর মন্তরের কাছে কেরালা হাউসের কাছ থেকে শনিবার আটক করা হয়েছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গেই তাঁকে আটক করে পুলিশ। বর্তমানে তাঁদের সকলকে ছত্রশাল স্টেডিয়াম চত্বরে রাখা হয়েছে। পাশাপাশি, বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অভিজিৎ দীপকে সহ সিজেপি (CJP)-র একাধিক নেতৃত্বকে আটক করে পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আম আদমি পার্টি (AAP)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সামাজিক মাধ্যম ‘X’-এ লেখেন, বর্তমান পরিস্থিতি “জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ”। তিনি কেন্দ্র সরকারকে “একনায়কতন্ত্র” চালনার অভিযোগে অভিযুক্ত করে মন্তব্য করেন যে, বিমান থেকেই এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।
এদিকে, আম আদমি পার্টির অভিযোগ অনুযায়ী, শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবার এই বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরেই শনিবার সকালে তাঁর দিল্লির বাসভবনের চারপাশে দিল্লি পুলিশ ব্যাপক নিরাপত্তা ও ব্যারিকেড গড়ে তোলে। সব মিলিয়ে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ চরমে।

