কোচবিহার: দীর্ঘ চার দশক ধরে কাজ করার পরও মিলছে না পুজোর বোনাস (Sanitation Employee Protest Puja Bonus)! এই বঞ্চনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার কোচবিহার শহরের ঐতিহ্যবাহী নরেন্দ্র নারায়ণ পার্কের (Narendra Narayan Park) মূল ফটকের সামনে নোংরা আবর্জনা ফেলে ও গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন এক সাফাই কর্মী। উৎসবের মরশুমে সাফাই কর্মীর এই নজিরবিহীন প্রতিবাদের জেরে পার্কে ঘুরতে আসা পর্যটক ও দর্শনার্থীদের চরম বিপাকে পড়তে হয়।
অভিযোগকারী সাফাই কর্মী বাপা হরিজনের দাবি, গত প্রায় ৪০ বছর ধরে তাঁর মা এই পার্কে সাফাই কর্মী হিসেবে কাজ করে এসেছেন। বর্তমানে তিনিও একই দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাঁর বেতন বাড়ানো হয়নি। পাশাপাশি, প্রতি বছর পুজোর আগে বোনাস দেওয়ার মৌখিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো বোনাসই তিনি হাতে পান না।
চলতি বছরেও পুজোর মুখে বোনাস না মেলায় তিনি পার্কের বড়বাবুর কাছে বিষয়টি নিয়ে জানতে যান। কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর বা আশ্বাস না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। বাধ্য হয়ে শনিবার পার্কের মূল প্রবেশদ্বারের সামনেই আবর্জনার স্তূপ জমিয়ে গেট বন্ধ করে প্রতিবাদ জানান।
সাফাই কর্মীর এই আচমকা প্রতিবাদের ফলে উইকেন্ড বা ছুটির দিনে পার্কে ঘুরতে আসা পর্যটকরা ভেতরে ঢুকতে না পেরে প্রবেশপথেই আটকে পড়েন। তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
অন্যদিকে, এই বিষয়ে পার্কের সুপারভাইজার গণেশ রাউত জানান যে ঘটনাটি নিয়ে বড়বাবু কিছু জানেন না। তবে বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া সত্ত্বেও কেন একজন সাফাই কর্মীকে পুজোর বোনাস থেকে বঞ্চিত রাখা হচ্ছে, তা নিয়ে প্রশাসনিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

