উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্য থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার দিকে এগোলেও শারদোৎসবের মুখে বঙ্গবাসীর মনে কাটছে না বৃষ্টির উদ্বেগ (West Bengal Climate Replace)। এরই মাঝে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফের এক নতুন নিম্নচাপের ভ্রকুটি দেখা দিয়েছে। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দফতর, তবুও পুজোয় পুরোপুরি বৃষ্টিমুক্ত থাকছে না রাজ্য—এমনটাই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এটি আগামী ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুজোর সূচনালগ্নে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে:
- ষষ্ঠী ও প্রথম সপ্তমী: কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে।
- দ্বিতীয় সপ্তমী ও অষ্টমী: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সামান্য বা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
- নবমী ও দশমী: পুজোর শেষ দুই দিন অর্থাৎ নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
- উত্তরবঙ্গের ছবি: পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক ও আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের সবকটি জেলারই দু-একটি জায়গায় আজ হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি (IMD)।

