পাণ্ডবেশ্বর: ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং সন্ত্রাসের অভিযোগে পাণ্ডবেশ্বর থানার (Pandabeswar) পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা আলাউদ্দিন শেখ (TMC Chief Alauddin Sheikh)। জানা গিয়েছে, তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলের লোক হিসেবে পরিচিত। শুক্রবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের মহাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে বিরোধী সমর্থকদের ওপর হামলা, এলাকায় সন্ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে (Put up-poll violence)। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে যখন তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য পাণ্ডবেশ্বর থানা থেকে বের করা হয়, তখন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। থানার বাইরে আগে থেকেই ভিড় করেছিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁকে দেখামাত্রই ‘চোর-চোর’ স্লোগান ওঠে এবং লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। তবে এই ঘটনায় ধৃত নেতাকে বেশ শান্ত দেখা যায়; তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হলেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি, বরং মুখে ছিল মৃদু হাসি।
বর্তমানে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। আদালতে পেশ করার পর পুলিশের তরফে তদন্তের স্বার্থে তাঁকে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

