উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ফের বাংলায় দুর্গোৎসবে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এর আগে ২০২৩ সালে শেষবার পুজো উদ্বোধনে এসেছিলেন। ২০২৪ পুজো উদ্বোধনে এসেছিলেন জেপি নাড্ডা (JP Nadda)। ওই সফরগুলি পুজো উদ্বোধনের জন্য হলেও আদতে মূল লক্ষ্য থাকে ভোট।
বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালি তথা বাংলাভাষীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে তৃণমুল (TMC)। এতে অস্বস্তিতে পড়েছে বিজেপি (BJP)। তাই বাঙালির পার্টি হতে চেয়ে বা বাঙালিয়ানাকে জড়িয়ে ধরতে এবার জাঁকজমক করে দুর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সাম্প্রতিক রাজ্য সফরে এসে তাঁর ভাষণের সময় মা দুর্গা, মা কালীর নাম উচ্চারন করেছিল। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তাহলে কি বিজেপি এবার বাঙালির আরাধ্য দেবীদের শরণাপন্ন হতে চলেছে?
বকলমে দলের তরফে আয়োজিত সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছে। বিজেপি সূত্রে খবর, মহালয়ার পরদিন কলকাতায় দু’টি এবং সল্টলেকে ১টি পুজো উদ্বোধন করবেন অমিত শা।
তবে হাতেগোনা দু-একটি পুজো ছাড়া কলকাতার প্রায় সব বড় পুজো কমিটিই রাজ্যের শাসকদলের দখলে।
