NIA | গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আগেই, এবার পহেলগাঁও কাণ্ডে হাফিজ সইদকে সমন পাঠাবে এনআইএ!   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার (Pahalgam terror assault) মামলায় এবার লস্কর-ই-তৈবা (LeT) প্রধান হাফিজ সইদকে (Hafiz Saeed) তলব করতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র বিশেষ আদালত (NIA)। পাকিস্তানের এই জঙ্গি নেতাকে জম্মুর বিশেষ এনআইএ আদালতে হাজির হওয়ার জন্য বিদেশ মন্ত্রকের (MEA) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমন পাঠানো হবে।

ইতিমধ্যেই হাফিজ সইদের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এনআইএ-র তদন্তে উঠে এসেছে, ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার প্রাণ কেড়ে নেওয়া এই বিভৎস ষড়যন্ত্রের অন্যতম নির্দেশক ছিল হাফিজ সইদ নিজেই। গত জুলাই মাসে পেশ করা অতিরিক্ত চার্জশিটে হাফিজ সইদ ছাড়াও নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈবা এবং তার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ইউএপিএ (UAPA)-র আওতায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও সীমান্তপার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আইনানুযায়ী, সমন ও পরপর দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও যদি হাফিজ সইদ আদালতে উপস্থিত না হয়, তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ৩৫৬ ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতেই (Trial in absentia) বিচারপ্রক্রিয়া চালানো হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর পেশ করা মূল চার্জশিটে পাকিস্তানি হ্যান্ডলার সাজিদ জাট এবং ‘অপারেশন মহাদেব’-এ নিহত ৩ পাক জঙ্গির নাম ছিল। এছাড়া স্থানীয়স্তরে আশ্রয় দেওয়ার অভিযোগে দুই কাশ্মীরি বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ স্পষ্ট করেছে, সীমান্তপার ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বিচার সুনিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *