Balurghat | নিরাপদ যাতায়াতের দাবি, বিশ্ব সাইকেল দিবসে পৃথক লেনের দাবিতে সরব বালুরঘাট

Balurghat | নিরাপদ যাতায়াতের দাবি, বিশ্ব সাইকেল দিবসে পৃথক লেনের দাবিতে সরব বালুরঘাট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে বালুরঘাটে (Balurghat) পৃথক সাইকেল লেন তৈরির দাবিতে সরব হলেন সাইকেলপ্রেমীরা। বুধবার বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং ফ্রিস্টাইল কমিউনিটির উদ্যোগে শহরজুড়ে সাইকেল মিছিলের আয়োজন করা হয়। প্রায় পাঁচ কিমি রাস্তাজুড়ে এই মিছিল হয়। এছাড়া তাঁরা নিজেদের দাবি জানিয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের কাছে দাবিপত্র জমা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্য তুহিনশুভ্র মণ্ডল, বিজন সরকার এবং বালুরঘাট ফ্রিস্টাইল কমিউনিটির সৌম্যজিৎ মহন্ত।

তাঁদের বক্তব্য, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি বহু উন্নয়নশীল দেশেও সাইকেল ব্যবহারে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বালুরঘাটে সাইকেল চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে আরোহীদের। অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পৃথক লেন গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, ‘দাবিপত্র পেয়েছি। বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে। সবদিক বিবেচনা করে সম্ভব হলে এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষার্থী ও বয়স্ক মানুষ যাঁরা সাইকেল চালান তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন।’

সাইকেলপ্রেমীদের অভিযোগ, বালুরঘাট শহরের বিস্তার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বাইক ও চার চাকা গাড়ির সংখ্যা। সম্প্রতি চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পুরসভার অন্তর্ভুক্ত হওয়ায় শহরের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় যানবাহনের চাপও বাড়ছে। অন্যদিকে, পরিবেশ সচেতনতার কারণে বহু মানুষ আবার সাইকেল ব্যবহার করতে শুরু করলেও নিরাপদ পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়ছেন তাঁরা।

সাইকেল আরোহীদের একাংশ জানান, শহরের অধিকাংশ ফুটপাথ কার্যত দখল হয়ে রয়েছে। এতে যানজটের সমস্যা বাড়ছে, পাশাপাশি সাইকেল আরোহীদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাঁরা জানান, অধিকাংশ সময় দেখা যায় পার্কিং জোনে যানবাহন না রেখে শহরবাসী রাস্তার একাংশ দখল করে যানবাহন পার্ক করেন। তাই নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি পার্ক করলে রাস্তার একাংশকে সাইকেল লেন হিসেবে চিহ্নিত করা সম্ভব।

সার্কিট হাউস এলাকা থেকে শুরু হওয়া সাইকেল মিছিল অযোধ্যা গ্রাম পর্যন্ত যায়। অযোধ্যা গ্রামে চারাগাছ রোপণ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মিছিলে উপস্থিত সাইকেল শম্পা রাউনিয়ার বলেন, ‘শহরে এখন সাইকেল চালানো দিন-দিন কঠিন হয়ে উঠছে। যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। নিরাপদে যাতায়াতের জন্য পৃথক সাইকেল লেন অত্যন্ত জরুরি।’ সাইকেলপ্রেমীদের আশা, পরিবেশবান্ধব এই যাতায়াত মাধ্যমকে উৎসাহ দিতে এবং দুর্ঘটনা রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *