উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (New Market Resort Hearth) পর থেকেই বেপাত্তা ছিলেন। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ‘অভিশপ্ত’ সেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র (Proprietor arrested)। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে হোটেলটিতে আগুন লেগে মৃত্যু হয় ৯ জনের, যার মধ্যে ৭ জনই ছিলেন বাংলাদেশের নাগরিক। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। পুলিশ সূত্রে খবর, তিনি নিজস্ব গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে গিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপন করেন। তদন্তে নেমে পুলিশ তাঁর দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। প্রাথমিক অনুমান, হাতে নগদের ঘাটতি দেখা দেওয়াতেই তিনি ধানবাদ থেকে বেহালার বাড়িতে ফিরতে বাধ্য হন এবং সেখানেই পুলিশের কাছে ধরা পড়েন।
তদন্তে উঠে এসেছে, মাত্র ১১০০ বর্গফুটের ছোট জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার তোয়াক্কা না করেই পাঁচটি ঘর তৈরি করা হয়েছিল। দুর্ঘটনার পর প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। কলকাতা পুরসভা ও দমকলের যৌথ অভিযানে নিউ মার্কেট এলাকায় মোট ১৭টি বেআইনি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ‘শিখা ইন’-এর অন্য একটি অংশ বীরেশ্বরের থেকে লিজ নেওয়া ব্যক্তিদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগেই হোটেলটি লিজ নেওয়া আবু জাফর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল মালিকও।

