অভিষেক ঘোষ, মালবাজার: কালীপুজো (Kali Puja 2025) উপলক্ষ্যে সেজে উঠছে মালবাজার (Mal Bazar)। ছোট-বড় সব ক্লাবেই এখন চরম ব্যস্ততা। পিছিয়ে নেই শহরের রাজাপাড়ার বাঘা যতীন স্পোর্টিং ক্লাব। তাদের এবারের থিম মায়াজাল। এই থিম তৈরির দায়িত্বে রয়েছেন নবদ্বীপের মণ্ডপশিল্পী সুশান্ত দেবনাথ। স্থানীয় বাসিন্দা সংহিতা দত্তর কথায়, রাজাপাড়ার কালীপুজো বরাবরই থিমের পুজোর মধ্যে অন্যতম সেরা।
পুজো কমিটির সভাপতি মলয়কান্তি ঘোষ জানান, জলপাইগুড়ি জেলার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে বাঘা যতীন স্পোর্টিং ক্লাব একটি। ৬৪তম বর্ষে এই ক্লাবের পুজোর মোট বাজেট ১২ লক্ষ টাকা। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী খগেন পাল। মা কালীর সুদৃশ্য প্রতিমা তৈরি করছেন প্রতিমাশিল্পী স্বপন ভাদুড়ি।
শ্যামাপুজোর সন্ধ্যায় কিছু দুঃস্থ-অসহায়কে কম্বল বিতরণ করবে ক্লাব কর্তৃপক্ষ। তাছাড়া পুজোর পরের দু’দিনের সন্ধ্যায় একদিন হবে খিচুড়ি, আরেকদিন থাকবে লুচি ও হালুয়া।
কমিটির সম্পাদক সঞ্জয় দাস জানান, পুজো উপলক্ষ্যে একসময় রাস্তার পাশেই অস্থায়ী মঞ্চ তৈরি করে তিনদিন ধরে হত সাংস্কৃতিক অনুষ্ঠান। জায়গার অভাবে এখন সেই অনুষ্ঠানের প্রথা বিলুপ্ত হয়েছে। মাল শহরের প্রবীণ নাগরিক দীপক বণিক বলেন, ‘একসময় আরও ভালো পুজো হত বাঘা যতীনে, তবুও তারা চেষ্টা করছে নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখতে।’ তবে শহরের বাসিন্দা ছাড়াও দূরদূরান্তের দর্শনার্থীরা এই ক্লাবে ভিড় জমান বলে স্থানীয় বাসিন্দা সৌরভ পাল জানান।
