Nagrakata | নাগরাকাটায় ব্রাউন সুগার তৈরির চক্রের পর্দাফাঁস, স্কুল শিক্ষক সহ গ্রেপ্তার ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: আলিপুরদুয়ারে আফিম চক্র ধরার রেশ কাটতে না কাটতেই এবার নাগরাকাটার (Nagrakata) প্রাণকেন্দ্রে ব্রাউন সুগার (Brown Sugar) তৈরির একটি বিশাল চক্রের সন্ধান পেল পুলিশ। বুধবার গভীর রাতে মালবাজার পুলিশ এবং সশস্ত্র সীমা বলের (SSB) যৌথ উদ্যোগে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এই চক্রের মূল পান্ডা ও আরও একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল নোট এবং নগদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রধান অভিযুক্তের নাম রণজিত কুমার সিকদার এবং তাঁর সহযোগী হলেন ধীরাজ মোহন্ত। এর মধ্যে মূল অভিযুক্ত রণজিত পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি লুকসানের লাল বাহাদুর শাস্ত্রী স্মারক বাংলা-হিন্দি হাইস্কুলে শিক্ষকতা করতেন। তবে গত বছর থেকে তাঁকে অন ডেপুটেশনে টন্ডু জুনিয়ার হাইস্কুলে নিয়ে আসা হয়েছিল। নাগরাকাটার একদম কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে থেকে তিনি এই অবৈধ কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার্স) শ্রীনিবাস এমপি, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গৌতম বন্দ্যোপাধ্যায় এবং মাল মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকারের নেতৃত্বে নাগরাকাটা থানার আইসি গৌতম সরকার ও মালবাজার থানার আইসি পালজার লামা ভুটিয়ারা যৌথভাবে অভিযান চালান। তল্লাশিতে সেখান থেকে প্রায় ৬৭ গ্রাম তৈরি হওয়ার পথে থাকা ব্রাউন সুগার, ১ থেকে ১.৫ গ্রামের মতো তৈরি ব্রাউন সুগার, দুটি ৫০০ টাকার জাল নোট এবং নগদ ৮ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, ব্রাউন সুগার তৈরির পর প্যাকিংয়ের জন্য বিশেষ প্লাস্টিক, প্রচুর পরিমাণে ক্যারি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। নাগরাকাটার মতো একটি জনবহুল এলাকায় শিক্ষকতার আড়ালে এ ধরনের মাদকের কারবার চালানোর ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হতবাক স্থানীয় এলাকাবাসী। বহু মানুষের মতে, একজন শিক্ষকের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা সমাজের চরম নৈতিক অবক্ষয়কেই ফুটিয়ে তোলে।

মাল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অবৈধ ড্রাগসের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামীদিনেও অবিরাম চলবে। একটি সম্পূর্ণ ড্রাগ-মুক্ত মহকুমা গড়ে তুলতে যা যা পদক্ষেপ করা দরকার, তার সবই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *