পতিরাম: কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা ও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ কর্মসূচি। বৃহস্পতিবার বালুরঘাট (Balurghat) সরকারি আইটিআইয়ের (ITI) তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৩০ থেকে ৪৫০ জন চাকরিপ্রার্থী অংশ নেন। মেলা থেকে ইতিমধ্যেই ১৩ জন প্রার্থীর হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ সন্তু চক্রবর্তী জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিয়োগের লক্ষ্যে মেলায় একাধিক নামী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন এবং যোগ্যতার ভিত্তিতে বাছাই করেন। ৪৩২ জনের সাক্ষাৎকারের পর প্রায় ১০০ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে বুধবারই অফার লেটার দেওয়া হয়। শর্টলিস্ট হওয়া বাকি প্রার্থীদেরও পরবর্তীতে অফার লেটার দেওয়া হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
মেলায় উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট জীবন মণ্ডল, শিলিগুড়ি রিজিয়নের ডেপুটি ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গৌতম ভৌমিক, সরকারি আইটিআই বালুরঘাটের প্রিন্সিপাল কপিল দেব মণ্ডল এবং জেলা শিল্পকেন্দ্রের ডিইও। এছাড়াও গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ-সহ জেলার বিভিন্ন আইটিআই ও পলিটেকনিক কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট দশটি কোম্পানির প্রতিনিধিরা মেলায় অংশ নেন।
কর্মসংস্থান মেলা প্রসঙ্গে অধ্যক্ষ সন্তু চক্রবর্তী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা বাস্তবে বাজারে কী ধরনের চাকরির (Job) সুযোগ রয়েছে, তা জানতে পারছে। চাকরির সুযোগও পাচ্ছে। এটা আমাদের জন্য বড় পাওনা। ভবিষ্যতে এরকম মেলা আবার হবে।’
মেলা থেকে কাজের সুযোগ পাওয়া রাধা রায় ও লক্ষ্মী রবিদাস বলেন, ‘খুব ভালো লাগছে সুযোগ পেয়ে। চেষ্টা করব সেখানে ভালো করে কাজ করতে, যাতে কাজ স্থায়ী করার সুযোগ হয়।’

