Uploaded By: Anupam Bagchi
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের (Mumbai) নয়া নগর এলাকায় এক হাড়হিম করা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুই নিরাপত্তারক্ষীকে জোরপূর্বক ‘কালমা’ পড়তে বাধ্য করার চেষ্টা করে এক যুবক। তাঁরা তা অস্বীকার করলে ধারালো ছুরি নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। ঘটনার একটি ৬০ সেকেন্ডের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। অভিযুক্ত যুবক জাইব জুবের আনসারিকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ধরা পড়েছে সেই ভয়ংকর মুহূর্ত। একটি নির্মীয়মাণ বহুতলের উপর থেকে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমলা রঙের টি-শার্ট পরা এক যুবক সাদা শার্ট পরা এক ব্যক্তিকে তাড়া করে ছুরি দিয়ে আঘাত করছে। আক্রান্ত ব্যক্তি প্রাণভিক্ষা চাইলেও রেহাই দেয়নি হামলাকারী। এই ঘটনায় রাজকুমার মিশ্র ও সুব্রত সেন নামে দুই নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন।
পুলিশ সূত্রের খবর, সোমবার ভোরে ওকহার্ট হাসপাতালের পেছনে এই ঘটনা ঘটে। ধৃত আনসারি দুই রক্ষীকে ‘কালমা’ পাঠ করতে বলে। তাঁরা রাজি না হওয়ায় হামলা চালায় সে। আহত সুব্রত সেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী নায়েব শেখ। রাজকুমার মিশ্র নিজেও কোনোক্রমে হাসপাতালে পৌঁছান। ঘটনার দেড় ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে আনসারিকে পাকড়াও করে পুলিশ।
মুম্বই পুলিশ এবং এটিএস (Anti-Terror Squad) যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। আনসারির ফোন ও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, তাঁর নোটবুকে ‘ISIS’, ‘Lone Wolf’ এবং ‘Jihad’-এর মতো শব্দ লেখা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনলাইন কন্টেন্ট দেখে সে উগ্রপন্থার পথে ঝুঁকেছে।
তদন্তে জানা গিয়েছে, আনসারি দীর্ঘ কয়েক বছর আমেরিকায় ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা এখনও ওখানেই থাকেন। সেখানে কাজ না পাওয়ায় তিনি ভারতে ফিরে আসেন এবং মীরা রোড এলাকায় একা থাকতেন। জীবিকা নির্বাহের জন্য অনলাইনে কেমিস্ট্রির ক্লাস নিতেন তিনি।
অভিযুক্তকে ৪ঠা মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং শত্রুতা ছড়ানোর মামলা রুজু হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে অনুরোধ করেছে।
