উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের (Mimi Chakraborty marriage ceremony) জল্পনা অবশেষে বাস্তবের রূপ নিতে চলেছে। গত এক মাস ধরেই তাঁর বিয়ে ঘিরে অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন তিনি এবং বিয়ের কথা উঠলেই কৌশলে এড়িয়ে গিয়েছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ব্যতিক্রমী বিয়ের কার্ড সেই জল্পনায় সিলমোহর দিয়েছে। পোষ্যদের সঙ্গে হবু বর-কনের ছবি দেওয়া সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। বৃহস্পতিবার কসবার নিজের ফ্ল্যাটেই বাগদান ও আইনি বিয়ে সারছেন মিমি।
অভিনেত্রীর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি পেশায় নৌসেনায় কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই গোপনে সম্পর্কে ছিলেন তাঁরা। এ বিষয়ে মিমি নিজে কখনো মুখ খোলেননি, বরং বারবার ইঙ্গিত দিয়েছেন যে সঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আসবে। আজকের বাগদান ও রেজিস্ট্রির অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি টলিউড থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ডিজাইনার অভিষেক রায়ের উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। বরপক্ষ অর্থাৎ সিদ্ধার্থর ঘনিষ্ঠরাও রেজিস্ট্রির দিনে থাকছেন, আর জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে মিমির মা-বাবা অনেক আগেই কলকাতায় পৌঁছে গিয়েছেন।
কলকাতায় আংটিবদল ও আইনি পর্ব মিটে যাওয়ার পর বিয়ের মূল উৎসব বসবে পাহাড়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হচ্ছে সিদ্ধার্থ ও মিমির তিন দিনের বিয়ের অনুষ্ঠান। পাহাড়ের পর্ব সেরে শহরে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা আমন্ত্রিত থাকবেন।
বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। গত মঙ্গলবার কলকাতার একটি নামী গয়নার দোকান থেকে মিমিকে কেনাকাটা করতে দেখা গিয়েছে। তার আগেই পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোরে মিমির বিয়ের শপিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। সব মিলিয়ে, গোপনীয়তার পর্দা সরিয়ে নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছেন মিমি ও সিদ্ধার্থ।

