Indian Politics | জোটে জট

শিক্ষা
Spread the love


উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে বিধানসভা ভোটের আগে দুই রাজ্যে ‘ইন্ডিয়া’ এবং এনডিএ জোটের বিপরীতধর্মী ছবিতে রাজনীতির পারদ আপাতত ঊর্ধ্বমুখী। উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন ‘ইন্ডিয়া’ জোটের বিজেপি বিরোধী ভাবমূর্তিকে কাঠগড়ায় তুলে দিয়েছে। ওই রাজ্যে ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেস ১৩০টিতে লড়তে আগ্রহী।

এতে ক্ষুব্ধ সমাজবাদী পার্টি পালটা ২৬টি আসনের একটি তালিকা ধরানোয় আরও চটেছে কংগ্রেস। দলীয় সাংসদ ইমরান মাসুদ স্পষ্ট জানিয়েছেন, সমাজবাদী পার্টির কাছে আসন ভিক্ষা চাইছে না কংগ্রেস। তাঁরা ভিখারি নন। পাশাপাশি মায়াবতীর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এই ক্ষোভ এবং তিক্ততার সুরে উত্তরপ্রদেশে বিরোধী জোটের ছন্দপতনের ইঙ্গিত স্পষ্ট।

পঞ্জাবে আবার এনডিএ শিবিরে ফিল গুড হাওয়া বইছে। ছয় বছরের দূরত্ব ও তিক্ততা মুছে শিরোমণি অকালি দলের সঙ্গে বিজেপির গাঁটছড়া বাঁধার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তিনটি কৃষি আইনকে ঘিরে দুই এনডিএ শরিকের পথ আলাদা হয়ে গিয়েছিল। সেখান থেকে সরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপি সভাপতি নীতিন নবীন, অকালি প্রধান সুখবীর সিং বাদলদের হাতে হাত রেখে একসঙ্গে লড়ার ঘোষণা পঞ্জাবে এনডিএ-কে অক্সিজেন দিয়েছে।

বিশেষভাবে নজর কেড়েছে বিজেপির অবস্থান। যেখানে শিরোমণি অকালি দলকে ‘বড় ভাই’-এর স্বীকৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও শরিক দলের দিকে ইঙ্গিত রাখা হয়েছে। বিজেপি বরাবরই পঞ্জাবে ছোট শরিক। ১৯৯৭ থেকে একসঙ্গে পাঁচটি বিধানসভা ভোটে লড়লেও বরাবর মুখ্যমন্ত্রী হয়েছেন প্রয়াত অকালি নেতা প্রকাশ সিং বাদল।

এবারও সেই ঘোষণা সামনে রেখে বিজেপি বুঝিয়ে দিয়েছে, জোটের স্বার্থে তারা এটুকু স্বার্থত্যাগ করতে প্রস্তুত। কিন্তু সাম্প্রতিক সময়ে বিহার এবং মহারাষ্ট্রে ছিল অন্য ছবি। একদা এই রাজ্যগুলিতে এনডিএ-র ছোট শরিকই ছিল বিজেপি। দুই রাজ্যে দুই বড় শরিক শিবসেনা এবং জেডিইউয়ের ছায়ায় থেকে ধাপে ধাপে সংগঠন বিস্তার, নিজস্ব ভোটব্যাংক মজবুত করে এবং সময়ের ফেরে জোটের মূল নিয়ন্ত্রক হয়ে ওঠার যে কৌশল প্রয়োগ করেছিল বিজেপি।

বিহারে জেডিইউ-এর ক্ষয়িষ্ণু প্রভাব কিংবা নীতীশ কুমারের সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার জল্পনা, মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির ভাঙনের পর নতুন বাস্তবতা ইত্যাদি বিজেপির অঙ্গুলিহেলনে জোটের ভিতরে শক্তির ভারসাম্য বদলের ইতিহাস হয়ে আছে। পঞ্জাবে মাঝপথে একলা চলার নীতিতে প্রত্যাশিত সাফল্য আসেনি বলেই পদ্ম শিবির পুরোনো শরিকের হাত ধরেছে।

মাদক সমস্যা, আইনশৃঙ্খলা, কৃষকদের প্রশ্ন এবং হিন্দু-শিখ সম্প্রীতি ইত্যাদি নিয়ে প্রচারের কৌশল সাজানো হলেও বিজেপির আসল লক্ষ্য পঞ্জাবের মাটিতে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠা এবং পায়ের তলার মাটি তৈরি করা। অন্যদিকে, উত্তরপ্রদেশে কংগ্রেস-সমাজবাদী পার্টির টানাপোড়েন বুঝিয়ে দিচ্ছে, অভিন্ন প্রতিপক্ষের বিরোধিতা করলেই জোট টিকে থাকে না। তার জন্য প্রয়োজন বাস্তবসম্মত সমঝোতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং শরিকের প্রতি সম্মান বজায় রাখা।

বিপরীতে পঞ্জাবে পুরোনো শরিককে বড় ভাইয়ের আসন ছেড়ে দিয়ে বিজেপির জোট পুনরুজ্জীবিত করার পদক্ষেপ দেখায় যে, কৌশলগত ধৈর্য এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকলে তাৎক্ষণিক ছাড় দিতে পিছুপা না হলেও চলে। শরিকি সমন্বয় ঠিকমতো হলে জোটের সাফল্য সম্ভব। শরিকি টানাপোড়েন সত্ত্বেও বামফ্রন্ট, ইউডিএফ, এলডিএফ, এনডিএ, ইউপিএ-র মতো জোটগুলি কার্যকর হয়েছিল শুধুমাত্র যোগ্য নেতৃত্ব এবং বিচক্ষণতার কারণে।

উত্তরপ্রদেশের ‘ইন্ডিয়া’ জোটে সেই গুণগুলির অভাব দেখা যাচ্ছে। জোটের মূল কথা হল একে অপরের পরিপূরক হয়ে ওঠা। প্রকাশ্য বাগযুদ্ধ এবং পালটা চাপের রাজনীতি সেই আস্থার ভিতকে নাড়িয়ে দেয়। ভোটারদের কাছে সেই ফাটল বা ক্ষোভের ছবি পৌঁছালে ভোটে তার নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। পঞ্জাবে বিজেপি-অকালি নেতৃত্ব যা করে দেখাতে সক্ষম হয়েছে, উত্তরপ্রদেশে সেটুকু হল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *