শশীকেশ রায়, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) ঐতিহ্যবাহী রাসমেলায় দীর্ঘদিন ধরে পাওয়া বুক স্টল বসানোর নির্দিষ্ট স্থান এই বছর বরাদ্দ না করার অভিযোগ তুলল বামপন্থী দলগুলি। নিজেদের পুরোনো জায়গায় স্টল দেওয়ার দাবিতে এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এই বিষয়ে কোচবিহার সদর মহকুমা শাসক এবং পুরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বাম প্রতিনিধিরা।
সিপিআইএম জেলা কমিটির সদস্য মহানন্দ সাহা জানান, প্রায় ৫০ বছর ধরে রাসমেলা ময়দানের সিলভার জুবিলি রোড সংলগ্ন এলাকায় বাম দলগুলির বুক স্টল বসে আসছে। তৃণমূল সরকারের গত ১৫ বছরেও সেই জায়গাতেই স্টল ছিল। নিয়ম অনুযায়ী এবারও পুরসভা থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
বিকল্প জায়গা নিয়ে অসন্তোষ
বাম নেতৃত্বের আরও অভিযোগ, সিলভার জুবিলি রোডের সেই পুরোনো জায়গাটি বর্তমানে গেরুয়া কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে। মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের জানানো হয়, কোচবিহার ক্লাবের হরেন্দ্র নারায়ণ রোডে বিকল্প জায়গা দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে বাম দলগুলি অসন্তুষ্ট।
মহানন্দ সাহা স্পষ্ট জানান, পুরোনো নিয়ম মেনেই নির্দিষ্ট জায়গায় বুক স্টল বরাদ্দ করতে হবে। তা না হলে নিজেদের দাবি আদায়ে তাঁরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবেন।

