Maoist Arrest | স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই বড় সাফল্য! ঝাড়খণ্ডে ধৃত মাও বঙ্গ ব্রিগেডের ৩ নেতানেত্রী

Maoist Arrest | স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই বড় সাফল্য! ঝাড়খণ্ডে ধৃত মাও বঙ্গ ব্রিগেডের ৩ নেতানেত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার কড়া নির্দেশের পরই বড়সড়ো সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। সরাইকেলা-খরসোওয়া জেলার কাণ্ডরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হল সিপিআই (মাওবাদী) বঙ্গ ব্রিগেডের তিন গুরুত্বপূর্ণ নেতানেত্রীকে। মঙ্গলবার ভোরে ওই অভিযানে ধৃতদের থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের রিজিওনাল কমিটির নেতা মদন মাহাতো ওরফে শংকর। তিনি পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্মাশোল গ্রামের বাসিন্দা। তাঁর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। বাকি দুজন হলেন সাব-জোনাল কমান্ডার সাগর সিং ওরফে বীরেন এবং তাঁর স্ত্রী তথা সাব-জোনাল কমিটির সদস্যা মীরা পাহাড়িয়া ওরফে আমকোচা। ঝাড়খণ্ড পুলিশ তাঁদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ধার্য করেছিল।

সোমবার বাংলা ও ঝাড়খণ্ড সহ সাত রাজ্যের ডিজিপির সঙ্গে বৈঠক করে মাওবাদী দমনে কড়া পদক্ষেপের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এর পরেই টেকনিক্যাল ও ম্যানুয়াল সূত্রের মাধ্যমে জোরদার তল্লাশি অভিযান শুরু করে ঝাড়খণ্ড পুলিশ। যৌথ বাহিনী প্রথমে কাণ্ডরা থানা এলাকার উদয়পুর গ্রামে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে সাব-জোনাল কমান্ডার সাগর সিংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কাঁদেরবেড়া গ্রামে গোপী পাহাড়িয়ার বাড়িতে লুকিয়ে রয়েছে মদন ও মীরা। পুলিশ সেখানে দ্বিতীয় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *