নববর্ষ
সুজিত দাস রায়
হঠাৎ চারিদিকে উদ্দাম উচ্ছলতা–
আস্তে আস্তে আকাশের রং পালটায়
গাছে-গাছে, পাতায়-পাতায়
কে যেন ঢেলেছে
অপার্থিব অপরূপ মায়াবী রং
নতুন হয়েছে যত মেহগনি দারুচিনি দল।
স্মৃতিতে-স্মৃতিতে পুড়তে-পুড়তে
গাজনের ঢাকের কাঠিতে
জানান দেয়
বৃত্ত সমাপন।
শূন্য হয়েছে মাঠ
রিক্ত মাঠে শুধু ইঁদুরের আনাগোনা
দূর হতে ভেসে আসে অদক্ষ কীর্তনের সুর
বিস্তীর্ণ মাঠ হয়ে পার।
শত বিষাদ শত আতঙ্ক ঝেড়ে ফেলে মন,
শুধু মনে পড়ে অবহেলিত এক গাছের গুঁড়িতে
এক ছোট্ট অশ্বত্থের শুভ আগমন।
The submit কবিতা appeared first on Uttarbanga Sambad.
