উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। পঁচিশে বৈশাখের সকালে রাজ্য দেখল এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে যখন ব্রিগেডের ময়দান নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Oath) শপথগ্রহণকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে, ঠিক তখনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাড়া অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট ডুবে রয়েছে গভীর নিস্তব্ধতায়।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় বসেছে চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রেসকোর্স থেকে সরাসরি ব্রিগেডে উপস্থিত হয়েছেন। মঞ্চে একে একে হাজির হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, উত্তর-পূর্ব ভারতের পর্যবেক্ষক নীতিন নবীন এবং বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। জাতীয় রাজনীতির হেভিওয়েটদের উপস্থিতিতে ব্রিগেডের মঞ্চ আজ কার্যত দেশের রাজনৈতিক ভরকেন্দ্রে পরিণত হয়েছে।
গত এক দশক যে রাস্তা ছিল ক্ষমতার অলিন্দ, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আজ কার্যত খাঁ খাঁ করছে। রাস্তার মোড়ে মোড়ে শুধুই শূন্যতা। তবে সেই নিস্তব্ধতা খানিকটা ভেঙে যাচ্ছে ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের ছোট-বড় মিছিলে।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের গলায় শোনা যাচ্ছে ‘জয় শ্রী রাম’ স্লোগান। এরই মাঝে কিছু সংখ্যক তৃণমূল কর্মীকে দেখা গেল নেত্রীর বাড়ির সামনে। তাঁরা প্রিয় দিদির পাশে থাকার বার্তা দিতে ‘জয় বাংলা’ স্লোগান তুলছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তবে আগের সেই প্রশাসনিক ব্যস্ততা নেই, আছে কেবল এক বিষণ্ণ গাম্ভীর্য।
