Diljit Dosanjh | পঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ দিলজিৎ? ভাইরাল পোস্টের জবাবে মুখ খুললেন গায়ক 

Diljit Dosanjh | পঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ দিলজিৎ? ভাইরাল পোস্টের জবাবে মুখ খুললেন গায়ক 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাবি সংগীত ও বিনোদনজগতের জনপ্রিয় মুখ দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় এই প্রশ্ন ঘিরেই দানা বেঁধেছিল তীব্র জল্পনা। অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক তথা অভিনেতা (Punjab Politics Entry Rumours)। সাফ জানিয়ে দিলেন, রাজনীতির আঙিনায় আসার কোনও পরিকল্পনাই তাঁর নেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি প্রতিবেদন ভাইরাল হয়, যার শিরোনাম ছিল— ‘দিলজিৎ দোসাঞ্জ কি পঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ হতে পারেন?’ সেখানে দাবি করা হয়েছিল, বেশ কিছু অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও সমাজকর্মী দিলজিৎকে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই পোস্টটি নজরে আসতেই দেরি না করে পালটা জবাব দেন শিল্পী। পঞ্জাবি ভাষায় তিনি লেখেন, ‘কখনও নয়। আমার কাজ মানুষকে বিনোদন দেওয়া। আমি আমার নিজের ক্ষেত্রে অত্যন্ত খুশি। অনেক ধন্যবাদ।’

বর্তমানে কেরিয়ারের তুঙ্গে থাকা দিলজিৎ কেবল ভারতেই নয়, বিশ্বমঞ্চেও পঞ্জাবের সংস্কৃতির অন্যতম বড় দূত হয়ে উঠেছেন। মেট গালা থেকে শুরু করে আন্তর্জাতিক কনসার্ট—সর্বত্রই তাঁর উজ্জ্বল উপস্থিতি। সম্প্রতি কানাডার ক্যালগারিতে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় কিছু উগ্রপন্থী সমর্থক বিতর্কিত পতাকা প্রদর্শন করলে তিনি মঞ্চ থেকেই কড়া ভাষায় তাঁদের শান্ত হওয়ার বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

কাজের ফ্রন্টে দিলজিৎ বর্তমানে দারুণ ব্যস্ত। শেষবার তাঁকে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার ২’-এ দেখা গিয়েছিল। বর্তমানে তিনি পরিচালক ইমতিয়াজ আলির আসন্ন রোমান্টিক ড্রামা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ এবং নাসিরুদ্দিন শাহকে। আপাতত রাজনীতির জটিল পথ ছেড়ে বিনোদনজগতকেই নিজের ধ্যানজ্ঞান করে রাখতে চান এই ‘পঞ্জাব দা পুত্তর’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *