উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পঁচিশে বৈশাখের ‘রবি’ সকালে এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Oath Taking Ceremony) নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বঙ্গে এই গৈরিক সূর্যোদয়ের মাহেন্দ্রক্ষণে হাজারো মানুষের ভিড় আর রাজনীতির হেভিওয়েটদের মাঝে যাঁর উপস্থিতি সবচেয়ে বেশি চমক জাগাল, তিনি টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।
পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে রোদচশমা— কড়া নিরাপত্তাবলয় পেরিয়ে যখন জিৎ ব্রিগেডের অনুষ্ঠানস্থলে প্রবেশ করলেন, তখন উপস্থিত জনতার মধ্যে গুঞ্জন শুরু হয়। টলিউডে দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে জিৎকে সবসময়ই রাজনীতির সাতে-পাঁচে না থাকা অভিনেতা হিসেবেই চিনেছে ইন্ডাস্ট্রি। যেখানে গত দেড় দশকে তৃণমূলের শাসনকালে টলিপাড়ার প্রায় সব বড় নামই কোনো না কোনো শিবিরে নাম লিখিয়েছেন, সেখানে জিৎ বরাবরই বজায় রেখেছেন এক রহস্যময় দূরত্ব।
ইন্ডাস্ট্রির অন্দরে বারবার ‘বিশ্বাস ব্রাদার্স’-এর একাধিপত্য নিয়ে অভিযোগ উঠলেও জিৎ কোনোদিন ফোরাম বা ফেডারেশনের মিছিলে যোগ দেননি। এমনকি শাসকদলের ঘনিষ্ঠ দেব যখন ইন্ডাস্ট্রিতে সাম্যবাদ আনতে সুর চড়িয়েছিলেন, তখনও নির্লিপ্ত থেকেছেন জিৎ। সেই ‘অরাজনৈতিক’ অভিনেতা যখন বঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির হন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তবে কি এবার সক্রিয় রাজনীতিতে পা রাখছেন টলিউডের ‘বস’?
