Malda | ২২ গজে পুলিশ-বিজেপি খেলা নিয়ে তর্জা

ভিডিও/VIDEO
Spread the love


সৌরভ মিশ্র, হরিশ্চন্দ্রপুর: শিশু-কিশোরদের মাঠমুখী করতে আয়োজিত এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে মালদার (Malda) রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার হরিশ্চন্দ্রপুর হাইস্কুল মাঠে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে একটি টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে থানার এক পুলিশ আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সভাপতি অজয় পাসোয়ান এবং জেলা সহ সভাপতি মনোজ দাস। উদ্বোধনী পর্বের সৌজন্যমূলক খেলায় ওই পুলিশ আধিকারিক ব্যাট ধরেন। বোলিং ও উইকেট কিপিংয়ের দায়িত্বে ছিলেন বিজেপি নেতারা। এই ঘটনার পরেই রাজনৈতিক পারদ চড়তে থাকে।

ব্যাটার ওই পুলিশ আধিকারিকের বিপরীতে বোলিং করছিলেন বিজেপি নেতা অজয়। উইকেট কিপার ছিলেন মনোজ। পরবর্তীতে মঞ্চ থেকে অজয় বলেন, ‘ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার সব আমাদের। এবার খেলা হবে। আমরা আগের সরকারের চেয়ে আরও বড় খেলা দেখাব।’ তাঁর এই রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে লুফে নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা স্বপন আলির কটাক্ষ, পুলিশকে সঙ্গে নিয়েই বিজেপি নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে, পুলিশের সাহায্য ছাড়া তাদের কোনও প্রভাবই নেই।

অন্যদিকে বিজেপি নেতৃত্ব সাফাই দিয়ে জানিয়েছে, এটি নিছকই একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব ছিল এবং সৌজন্যমূলক খেলার অংশ হিসেবেই সকলে মাঠে নেমেছিলেন। তবে রাজনৈতিক মহলের মতে, আসন্ন পুরভোট ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই ছোট ঘটনাটিকেই দুই দল বড় রাজনৈতিক হাতিয়ার করে তুলতে চাইছে। পুলিশ ও রাজনীতির এই দ্বৈরথ হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *