মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁধাপুকুর এলাকায়। রবিবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত দুই অস্ত্র কারবারীর নাম রবিউল মণ্ডল (৩০) ও খোদা বক্স (৫০)। রবিউলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত হাসনগর এলাকায়। খোদা বক্স মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গয়েশবাড়ির বাসিন্দা।
জেলা পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন আগ্নেয়াস্ত্র কারবারের খবর পেয়ে বাঁধাপুকুর এলাকায় হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ২ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ৭ মিলিমিটারের পিস্তল ও ৬ রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ টাকাও। এরপরেই গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে।
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, রবিউল উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ খোদা বক্সকে দিতে এসেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
