মালবাজার: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বদলে গেল সমীকরণ। দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হওয়া মালবাজার (Malbazar Information) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহাকে সসম্মানে দলে ফেরাল তৃণমূল কংগ্রেস (Tmc)। সোমবার থেকেই তাঁকে দলের সমস্ত কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই ডুয়ার্সের রাজনীতিতে শুরু হয়েছে জোর তর্জা।
মালবাজার পুরসভার চেয়ারম্যান থাকাকালীন স্বপন সাহার বিরুদ্ধে ‘হাউজিং ফর অল’, হাইমাস্ট লাইট ও সোলার লাইট বসানোসহ একাধিক উন্নয়নমূলক কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ (Corruption Allegations) ওঠে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে অস্বস্তিতে পড়ে শাসকদল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দল তাঁকে সাসপেন্ড করে। এর কয়েক মাস পর চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এরপর অন্তত দু’বার মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে গিয়ে বাজে ভাবে প্রত্যাখাত হন স্বপন। তবে দলে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।
তবে ভোটের মুখে তৃণমূলের সেই ‘বিপ্লব’ উধাও। রবিবার সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের সবুজ সংকেত আসতেই স্বপন অনুগামীরা উৎসবে মেতে ওঠেন। দলে ফেরা প্রসঙ্গে স্বপন সাহা বলেন, “দল আমাকে বিরত থাকতে বলেছিল, আমি সেই নির্দেশ মেনেছি। পুনরায় সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।” রাজনৈতিক মহলের মতে, ভোটের লড়াইয়ে স্বপন সাহার সংগঠনকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত। তবে তাঁর প্রত্যাবর্তনে মালবাজার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
